প্রকল্পের নামে অর্থ লুটের অভিযোগ ১০ কাউন্সিলরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়রের কাছে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পের অবস্থান ও এগুলোর লাভ-লোকসানের হিসাব দাবি করেছেন ১০ জন ওয়ার্ড কাউন্সিলর। তাঁরা অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্পের নামে জনগণের টাকা অপচয় ও লুটেপুটে খাওয়া হচ্ছে। এসব প্রকল্প নিয়ে সাধারণ সভায় কোনো আলোচনা করতে দেওয়া হয় না।গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাউন্সিলররা এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন পাথরঘাটার কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল। এতে কাউন্সিলর ফেরদৌস বেগম, রেখা আলম, লুত্ফর নাহার, জাফর আহম্মদ, এফ কবির মানিক, তারেক সোলায়মানসহ চারজন নারী ও পাঁচজন পুরুষ কাউন্সিলর উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমরা ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো দায়িত্ব পালন করছি। এত দিনের রীতি ভেঙে হঠাত্ ২ মে এক নম্বর ওয়ার্ডের ঠান্ডাছড়ি পিকনিক রিসোর্টে করপোরেশনের সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এ ঠান্ডাছড়ির মালিকানা নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে বায়তুশ শরফের মামলা চলছে।’জালাল উদ্দিন বলেন, ‘করপোরেশন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নয়। একটি বিচারাধীন বিরোধপূর্ণ জায়গায় আমরা কেন সাধারণ সভা করব? এটা সাধারণ সভার নামে জায়গা দখলের পাঁয়তারা।’লিখিত বক্তব্যের বাইরে করপোরেশনের বিভিন্ন প্রকল্পের মালিকানা, স্বচ্ছতা ও আয়-ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন কাউন্সিলররা। তাঁরা বলেন, সাধারণ সভায় পাস না করিয়ে বিজয় টিভি করা হয়েছিল। পরে এক-এগারোর সময় মেয়র ও অন্যরা গ্রেপ্তার হলে আমরা সাধারণ সভায় সেটা পাস করি।’জালাল উদ্দিন বলেন, ‘সিটি করপোরেশন কীভাবে জনগণের টাকা লুটেপুটে খাচ্ছে সেটা পশুশালার ঘটনায় দেখা যায়। লক্ষ্মণ নামে এক ব্যক্তির সঙ্গে বায়নানামা করেছিল সিটি করপোরেশন। কিন্তু পরে দেখা গেল, লক্ষ্মণ মালিক নন। কিন্তু ওই বায়নার টাকা এখন কোথায় গেল, আমরা জানি না। একইভাবে কোটি কোটি টাকা বিনিয়োগের পরও বিরোধপূর্ণ জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ করপোরেশনকে ছেড়ে আসতে হয়েছে।’এক প্রশ্নের জবাবে কাউন্সিলর গিয়াস উদ্দিন বলেন, ‘আমি মেয়রের পক্ষে পশুশালা দখল করতে যাইনি। আমি তখন জনগণের পক্ষে কাজ করতে গিয়েছিলাম।’ কাউন্সিলর চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী বলেন, ‘মেয়র হজ কাফেলা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা ও আয়-ব্যয় নিয়ে আমরা সাধারণ সভায় কোনো প্রশ্ন করতে পারি না। প্রশ্ন করলে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বাধ্য হয়ে আজ আমরা গণমাধ্যমের মুখোমুখি হয়েছি।’সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের টাকায় লালদীঘিতে সুইমিং পুল নির্মাণের সমালোচনা করা হয়। ঐতিহ্যবাহী এ দীঘিতে পুল নির্মাণের সমালোচনা করে কাউন্সিলর রেহেনা বেগম অভিযোগ করেন, দুই কোটি টাকা ব্যয়ে সুইমিং পুল করা হচ্ছে। কিন্তু এ কাজের জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি।মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যানদের এক অনুষ্ঠানে বক্তৃতায় এসব অভিযোগ খণ্ডনের চেষ্টা করেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের সৌন্দর্য বাড়াতে লালদীঘিতে সুইমিং পুল নির্মাণ করছি। চারদিকে বলা হচ্ছে, আমি নাকি দীঘি ভরাট করে ফেলছি।’ নারী কাউন্সিলর ফেরদৌসের সঙ্গে তাঁর বিরোধ প্রসঙ্গে মেয়র বলেন, ‘ওই মহিলাকে আমি একটি সভায় চুপ করতে বলেছিলাম। তাতেই আমার বিরুদ্ধে লেগে গেল।’