প্রকল্পের নামে জমি নিয়ে ফেলে রাখা
‘অবসরের শান্তিনিবাসও হলো নাই, মাঝখান থেকে হামাদের চাষবাসের জমিটুকুন গেল’—ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের শ্রমিক বাবুল বৈদ্য। শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদপ্তরের অবসর প্রকল্প পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখায় একইভাবে ক্ষুব্ধ ওই চা-বাগানের শ্রমিক কৃষ্ণ দাস, লব কুমার সবর, নিরঞ্জন বুনারজি, সুদাম চাষা, রাখাল চাষাসহ আরও অনেকে।সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে অবসর প্রকল্প নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ২০০১ সালের প্রথমদিকে উপজেলার কালিঘাট সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ফুলছড়া চা-বাগানের ইজারা নেওয়া ৫ দশমিক ৬০ একর জমি অধিগ্রহণ করা হয়। জমি অধিগ্রহণের পর গণপূর্ত বিভাগ প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর নির্মাণ করে। পরে মাটি ভরাট করে ভবন নির্মাণের কথা থাকলেও এ প্রকল্পের কাজ আর এগোয়নি। সেই থেকে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রবাসী-অধ্যুষিত সিলেট বিভাগে অনেক নিঃসঙ্গ পিতা-মাতা রয়েছেন, যাঁরা আর্থিক সংস্থান থাকা সত্ত্বেও জীবনযাপনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। প্রকল্পটিতে এসব বয়োবৃদ্ধদের বসবাসের সুযোগ রাখা হয়েছিল। নির্দিষ্ট অর্থের বিনিময়ে থাকা-খাওয়া, চিকিৎসা, অভ্যন্তরীণ খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা প্রকল্প পরিকল্পনায় ছিল।ফুলছড়া চা-বাগান সূত্র জানায়, সমতল ভূমি হওয়ায় চা চাষের অনুপযুক্ত অধিগ্রহণ করা জমিতে শ্রমিকেরা ধান চাষ করতেন। বিনিময়ে তাঁদের চা-বাগানের রেশন সুবিধা দেওয়া হতো না।শ্রমিকেরা জানান, অধিগ্রহণ করা জমিগুলো ছিল খুব উর্বর এবং ধান চাষের উপযোগী। ফুলছড়া ও কাকিয়াছড়া চা-বাগানের ১৯টি পরিবার ওই জমিতে চাষাবাদ করত। ওই জমিতে বছরে দুটি ফসল হতো। ২০০১ সালে জমি অধিগ্রহণের সময় চা-শ্রমিকেরা ফসলি জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন এবং সভা-সমাবেশ-মিছিল করেছিলেন। কিন্তু জমি আটকাতে পারেননি।কাকিয়াছড়া চা-বাগানের শ্রমিক বাবুল বৈদ্য জানান, তিনি দেড় বিঘা জমি চাষ করতেন। বছরে ২৫ থেকে ২৮ মণ ধান পেতেন। কৃষ্ণ দাস জানান, সেখানে তাঁর সাড়ে ২৭ শতক জমি ছিল। লব কুমার সবরের ২১ শতক, আধনারায়ণ গোয়ালার ২২ শতক এবং রাখাল চাষার প্রায় দুই বিঘা জমি ছিল। শ্রমিকেরা জানান, ওই জমিতে বছরে বিঘাপ্রতি কমপক্ষে ২০ মণ ধান পাওয়া যেত। ১০ বছরে তাঁরা কমপক্ষে তিন হাজার ৮০০ মণ ধান পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। অথচ এ জমি অধিগ্রহণ করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, চা-বাগানের ওই জমি অধিগ্রহণের পর বাগান কর্তৃপক্ষ সরকার কর্তৃক অধিগ্রহণের ভয় দেখিয়ে আরও প্রায় ৮০০ একর ধানি জমিতে রাবারের চাষ করেছে। ওই জমিতেও শ্রমিকেরা ধান চাষ করতেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিকুজ্জামান জানান, প্রকল্পটি সমাজসেবা অধিদপ্তরের হলেও এটি এখনো গণপূর্ত বিভাগের কাছেই রয়েছে। গণপূর্ত বিভাগ কাজ শেষ করে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করেনি। গণপূর্ত বিভাগের মৌলভীবাজারের উপসহকারী প্রকৌশলী এ এস এম হারিছ মিয়া জানান, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর নির্মাণের পর সরকার পরিবর্তনের কারণে প্রকল্পটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার ফলে সীমানাপ্রাচীরের ওপরের অংশের লোহার অ্যাঙ্গেল চুরি হয়ে গেছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ জানান, ‘প্রকল্পটি নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। নতুন পরিকল্পনায় শুধু প্রবাসীদের পিতা-মাতা নয়, বয়োবৃদ্ধ যে কেউ অবসর প্রকল্পে থাকতে পারবেন। আগের চেয়ে খরচ কমানো হবে। প্রকল্পটির কাজ শিগগিরই আবার শুরু করা হবে।