প্রকল্পের নামে বিল তুলে নেন অথচ তাঁরা জানেন না...
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ জানালেন, তিনি স্কুলের প্রধান শিক্ষক হয়ে জানতে পারলেন না, অথচ তাঁর স্কুলের আসবাবপত্র ক্রয় ও সরবরাহের নামে প্রকল্প দেখিয়ে প্রায় এক লাখ টাকার বিল তুলে নেওয়া হয়েছে। একই ধরনের অভিযোগ করলেন মুজিবনগরের গোপালনগর ও মোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।গত ৮ আগস্ট মুজিবনগর উপজেলা মিলনায়তনে ‘সরকারি সেবা খাত ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাজেট বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নে নাগরিক পরিবীক্ষণ’ শীর্ষক সংলাপে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ ধরনের নানা অভিযোগ করেন।মুজিবনগর গ্রামের ওষুধ ব্যবসায়ী মখলেছুর রহমান বলেন, ‘গণমাধ্যমে এত দুর্নীতির খবর প্রচার করা হচ্ছে। তারপরও দুর্নীতি কমছে না। রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তির সদিচ্ছা থাকলেই এ দেশে দুর্নীতি রোধ করা সম্ভব।’ বাগোন গ্রামের শিক্ষক এখলাস উদ্দিন বলেন, ‘সরকারি বিভিন্ন খাতের অর্থে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্তু সেই প্রকল্পের ব্যয় নির্ধারণসহ যাবতীয় তথ্যভিত্তিক সাইনবোর্ড প্রকল্প স্থানে টাঙানোর নিয়ম থাকলেও তা টাঙানো হয় না। ফলে প্রকল্পের ধরন, গুণগত মান ও প্রকল্প বাস্তবায়নের সময়সীমা জনগণ জানতে পারে না।’ শিবপুর গ্রামের আনসার উদ্দিন বলেন, ‘প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নাগরিকদের নিয়ে কমিটি গঠনের নিয়ম। কিন্তু কোনো কমিটিতে নাগরিককে সম্পৃক্ত করা হয় না। এ কারণে অবকাঠামোসহ সরকারি কোনো উন্নয়নকাজ সম্পন্ন না করেই ঠিকাদার-সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে বিল উত্তোলন করে ফেলে।’ মুজিনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ামত উল্লাহ ভূঁইয়া। জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদুর রহমান, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল মান্নান ও মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম।ইউএসএইডের আর্থিক সহযোগিতায় প্রগতি প্রকল্পের মাধ্যমে রূপান্তর-খুলনার সহযোগিতায় মেহেরপুর প্রগতি প্রচারণা টিম, মানব উন্নয়ন কেন্দ্র ও ভিটাপাড়া নারী কল্যাণ সমিতি এই নাগরিক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন গাংনী কলেজের সহকারী অধ্যাপক রফিকুর রহমান।