প্রকল্পের মেয়াদ শেষ, চলছে মাটি ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধের কাঁচামাল উৎপাদনের জন্য এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস) শিল্পপার্ক স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০১১ সালের ডিসেম্বরে। কিন্তু এখন পর্যন্ত প্রকল্প এলাকার অর্ধেক অংশে কেবল মাটি ভরাট সম্পন্ন হয়েছে। প্রকল্প কবে সম্পন্ন হবে, তা অনিশ্চিত।অবশ্য প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মু. ফখরুল ইসলাম বলেছেন, প্রকল্প ঠিকমতো এগোচ্ছে। ২০১৩ সালের মধ্যে এর কাজ শেষ হবে।মুন্সিগঞ্জের বাউশিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ২০০ একর জায়গাজুড়ে এপিআই শিল্পপার্ক হচ্ছে। ২০০৮ সালে প্রকল্পটির জন্য এ জায়গা নির্ধারণ করা হয়। শিল্প মন্ত্রণালয়ের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি ৫০ লাখ টাকা। এখানে ওষুধের কাঁচামাল প্রক্রিয়াজাতের ৪২টি কারখানা থাকবে। এসব কারখানায় কাঁচামাল তৈরি হলে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল আমদানি-নির্ভরতা থাকবে না।কারণ, দেশীয় ওষুধশিল্প এখনো কাঁচামাল আমদানির ওপর নির্ভরশীল। দেশীয় চাহিদা মিটিয়ে গত বছর ৮৭টি দেশে প্রায় ৫০০ কোটি টাকার ওষুধ রপ্তানি করলেও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আমদানি করেছে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকার কাঁচামাল। এসব কাঁচামাল আনা হয়েছে চীন ও ভারত থেকে।বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০১৫ সালের পর ট্রিপস (ট্রেড রিলেটেড আসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস-মেধাস্বত্ব আইন) চুক্তি কার্যকর হলে এপিআইয়ের দাম বাড়বে। বাংলাদেশের জন্য কাঁচামাল জোগাড় করা কঠিন হবে। বিশ্বব্যাংকের গবেষণার (অ্যান এক্সপ্লোরেটরি স্টাডি অন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস ম্যানুফ্যাকচারিং ফর এসেনশিয়াল ড্রাগস-সেপ্টেম্বর ২০০৯) তথ্য অনুযায়ী, ইতালি ছাড়া ওষুধ উৎপাদনকারী উন্নত প্রায় সব দেশই চীন ও ভারত থেকে কাঁচামাল সংগ্রহ করছে।বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মুকতাদির এ প্রসঙ্গে বলেন, উন্নত দেশগুলো তাদের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য ভারত বা চীনের সঙ্গে চুক্তি করবে। লাভের আশায় তখন এ দুটি দেশও উন্নয়নশীল দেশের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কম উৎপাদন করবে, কিংবা দাম বাড়িয়ে দেবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি অনুষদের ডিন আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, ‘২০১৫ সালের মধ্যে আমাদের ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতেই হবে। কারণ, ট্রিপস কার্যকর হলে ওষুধের দাম বাড়বে, দরিদ্র মানুষেরা মহা দুর্ভোগে পড়বে।’প্রকল্পের বর্তমান চিত্র: বাউশিয়ায় এপিআই শিল্পপার্ক প্রকল্পে ৪২টি কারখানার পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়, পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস স্টেশন থাকবে। প্রকল্পের মেয়াদ ছিল ২০০৮ সালের জানুয়ারি থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত। এ সময় প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ, মাটি ভরাট, রাস্তা ও কালভার্ট নির্মাণ, দেয়াল নির্মাণ, পানি-বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের কথা ছিল। কিন্তু সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রকল্পের অর্ধেক এলাকায় কেবল মাটি ভরাট হয়েছে।এপিআই শিল্পপার্কের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, রিটেইনিং ও সীমানাবেষ্টনীর কাজের দরপত্র মূল্যায়ন পর্যায়ে রয়েছে।প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের মেয়াদ আরও আড়াই বছর বাড়ানোর চেষ্টা চলছে।পরিচালক নিয়ে জটিলতা: নথিপত্র ঘেঁটে দেখা যায়, শিল্প মন্ত্রণালয় গত বছরের ৩ নভেম্বর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. জামিলকে প্রকল্প পরিচালক নিয়োগ করে। কিন্তু বিসিক এই পদে খণ্ডকালীন নিয়োগ দেয় সংস্থার প্রধান প্রকৌশলী ও মহাব্যবস্থাপক (প্রকল্প) হারুন-অর-রশীদকে। ২১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের সহকারী প্রধান মির্জা মো. মহিউদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিসিকের এ সিদ্ধান্তে অনিয়ম হয়েছে। কারণ, স্থায়ীভাবে প্রকল্প পরিচালক নিয়োগের এখতিয়ার বিসিকের নেই। ৫০ কোটি টাকা বা এর ওপরে কোনো প্রকল্প হলে পূর্ণকালীন পরিচালক নিয়োগ করতে হবে। চিঠিতে বলা হয়, সাত দিনের জন্য হারুন-অর-রশীদ ওই পদে থাকতে পারবেন এবং আর্থিক ক্ষমতা পাবেন। কিন্তু তিনি এখনো ওই পদে রয়েছেন।এ ব্যাপারে বিসিকের পরিচালক মো. আবু সাদেক প্রথম আলোকে বলেন, প্রকল্প পরিচালকের পদটি উপমহাব্যবস্থাপক পদের সমতুল্য। মো. জামিল এ পদের এক ধাপ নিচে কর্মরত। বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, পাশাপাশি তিনজনের নামও সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কিছু জানায়নি। স্বাস্থ্যসচিব মু. হুমায়ুন কবীর বলেন, সরকার চায় এপিআই শিল্পপার্কের কাজ দ্রুত শেষ হোক। এটি স্থাপনের দায়িত্ব শিল্প মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত খোঁজখবর রাখছে।