প্রকল্পের মেয়াদ শেষ কাজ শুরুর আগেই!
মেয়াদ শেষ পর্যায়ে, তবুও শুরু হয়নি কুড়িগ্রাম সেচ প্রকল্পের দুটি শাখার নির্মাণকাজ। পাঁচ বছরেও শুরু না হওয়ায় প্রকল্পের ব্যয় ৩০৮ কোটি টাকা থেকে পাঁচ গুণ বেড়ে হচ্ছে এক হাজার ৫৫০ কোটি টাকা।প্রকল্প অনুমোদনের সময় নদীর ভূতাত্ত্বিক জরিপ ও নকশা ছিল না। ফলে ব্যারাজ, সেচ খাল ও বাঁধ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়নি। এরই মধ্যে জমির দাম ও অন্যান্য নির্মাণব্যয় বেড়ে গেছে। এসব কারণে প্রকল্পের ব্যয়ও বেড়েছে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলা ও লালমনিরহাট জেলার কিছু অংশে শুষ্ক মৌসুমে পানির চাহিদা মেটানোর জন্য এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। মূলত ভূগর্ভস্থ পানির ব্যাপক ব্যবহারের ফলে জমির তলদেশের পানির স্তর নেমে যাওয়ায় কুড়িগ্রামে জমির উর্বরতা হ্রাস এবং শুষ্ক মৌসুমে পানিসংকট তীব্র হয়ে ওঠায় প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল।কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ঢিমেতাল ভাব ও যথাসময়ে নকশার কাজ শেষ করতে না পারায় কুড়িগ্রাম সেচ প্রকল্পের দুটি অংশের কোনোটিরই নির্মাণকাজ এখনো শুরু হয়নি।কুড়িগ্রাম সেচ প্রকল্প (দক্ষিণ শাখা): প্রকল্পটি কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী ও লালমনিরহাট সদর উপজেলার আংশিক নিয়ে গঠিত। প্রকল্পের আওতাধীন মোট এলাকা ৫৯ হাজার ৪০০ হেক্টর ও সেচযোগ্য এলাকা ৪২ হাজার ৮০০ হেক্টর। ধরলা নদীর ওপর ব্যারাজ নির্মাণ করে সেচের পানি খালের মাধ্যমে পৌঁছানোর কথা এই প্রকল্পে বলা ছিল। ২০৭ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে এটি ২০০৫ সালে শুরু হয়ে ২০১২ সালে শেষ করার কথা রয়েছে। বলা হয়েছিল, প্রকল্প বাস্তবায়িত হলে শস্য নিবিড়তা ১৯৩ থেকে বেড়ে ২৩৪ শতাংশ হবে এবং এক লাখ ৩৫ হাজার টন অতিরিক্ত ধান, চার হাজার ২০০ টন গম এবং প্রায় ৬১ হাজার টন শাকসবজি উৎপাদিত হবে। মাছের চাষও বাড়বে।জানা গেছে, পরামর্শক প্রতিষ্ঠান এখন পর্যন্ত চূড়ান্ত নকশা জমা দেয়নি। তবে নদীর ভূ-তাত্ত্বিক জরিপের কাজ শেষ হয়েছে। আর এরই মধ্যে এর ব্যয় ২০৭ কোটি থেকে বেড়ে সাড়ে আট শ কোটি টাকা করা হয়েছে। প্রকল্প পরিচালক রেজাউল মোস্তফা আসাফউদ্দৌলা প্রথম আলোকে বলেন, একটি নদীর ওপর ব্যারাজ করতে হলে পানির প্রাপ্যতার এক শ বছরের রেকর্ড ও নদীর গতিপথের ২৫ বছরের তথ্য দরকার হয়। এরপর চূড়ান্ত নকশা প্রণয়ন। এগুলো সম্পন্ন না করেই প্রকল্পটি অনুমোদন পায়। যে কারণে বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।প্রকল্পের ব্যয় নিয়ে রেজাউল মোস্তফা বলেন, অনুমোদন দেওয়ার সময় জমি কেনার জন্য বরাদ্দ ছিল সাড়ে ছয় কোটি টাকা, এখন তা বেড়ে হচ্ছে ৫০ কোটি টাকা। ব্যারাজ নির্মাণের বরাদ্দ ছিল ১৪৬ কোটি টাকা। এখন সাড়ে তিন শ কোটি টাকার নিচে কোনোভাবেই ব্যারাজ করা যাবে না। একইভাবে বাঁধ ও সেচ খাল নির্মাণের খরচ কয়েক গুণ বাড়বে।কুড়িগ্রাম সেচ প্রকল্প (উত্তর শাখা): প্রকল্পটির আওতা কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলা। এর মোট সেচযোগ্য এলাকা ৩৫ হাজার হেক্টর। ২০০৬ সালে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে এটি অনুমোদন পায়। যদিও এর বাস্তবায়নের সময় ধরা হয় ২০০৫ সালের জুলাই থেকে ২০১০ সালের জুন মাস। প্রকল্পটির অধীনে ২৬৪ কিলোমিটার সেচ খাল, ৩২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ১৬০টি সেচ অবকাঠামো, পাঁচটি পাম্প স্টেশন, ৫০ কিলোমিটার নিষ্কাশন খাল নির্মাণের ব্যবস্থা রাখা হয়।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বাস্তবায়নের মেয়াদ আছে আর মাত্র দুই মাস, কিন্তু এখনো কোনো নির্মাণকাজই শুরু হয়নি। ইতিমধ্যে প্রকল্পটি সংশোধন করে ৫৬৪ কোটি টাকা ব্যয়ের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে নদীর ভূ-তাত্ত্বিক জরিপ ও নকশা চূড়ান্ত করার কাজ সম্পন্ন হয়েছে।প্রকল্প পরিচালক আবদুল মতিন বলেন, বাস্তবায়নের সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। ব্যয়ও সংশোধন করে ৫৬৪ কোটি টাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে চলতি বছরেই দরপত্র আহ্বান করা হবে।