মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব চেয়ে আজ সোমবার থেকে চিঠি পাঠাতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এই হিসাব প্রকাশ করা হবে না। সূত্র জানায়, মন্ত্রী-সাংসদদের সম্পদের হিসাব নেওয়ার অনুরোধ জানিয়ে গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের কাছে একটি চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।চিঠির পরিপ্রেক্ষিতে গতকালই একটি সারসংক্ষেপ তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সই করেছেন। সূত্রমতে, এ দফায় মন্ত্রী, সাংসদ ও সিটি করপোরেশনের মেয়রদের কাছে চিঠি পাঠানো হবে। পরবর্তী পর্যায়ে চিঠি যাবে বিচারপতিদের কাছে। এদিকে মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী সরকার প্রকাশ করবে না বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেছেন, তাঁদের বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগে জমা থাকবে। যে কেউ চাইলে তা জানতে পারবেন।গতকাল এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শক দলের সঙ্গে সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। রাজধানীর ওয়েস্টিন হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী জানান, ইতিমধ্যে তিনি সম্পদের বিবরণীসংক্রান্ত নথিতে সই করেছেন। এতে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।অর্থমন্ত্রী আরও জানান, মন্ত্রীরা তাঁদের সম্পদের বিবরণী দেওয়ার পাশাপাশি গত বছরের আয় ও আয়করের হিসাব দেবেন। আর মন্ত্রীর পরিবারের সদস্যরা সরকারের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্যে জড়িত রয়েছেন কি না তাও জানাতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ কার কত সম্পদ রয়েছে তার হিসাব রাখবে। কেন মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মন্ত্রীরা চান না তাঁদের দারিদ্র্য বেশি লোক দেখুক।’ তিনি আরও বলেন, ‘আশা করি পরবর্তী সরকারও মন্ত্রীদের সম্পদের বিবরণী চাওয়ার প্রথা পরিবর্তন করবেন না।’ গত বুধবার জাতীয় সংসদের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন মন্ত্রী, সাংসদ, সিটি করপোরেশনের মেয়রদের সম্পদের হিসাব দিতে রোববার থেকে চিঠি পাঠাবে মন্ত্রিপরিষদ বিভাগ।প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করার কথা উল্লেখ করে ওই দিন বিচারপতিদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের কথাও জানিয়েছিলেন অর্থমন্ত্রী।