প্রকাশনা
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনলেখক: শাহরিয়াজ সরকারপ্রকাশক: বিজ্ঞান একাডেমীমূল্য: ৩০০ টাকাবদলে যাচ্ছে বিশ্ব আবহাওয়া ও জলবায়ু। কেন এবং কীভাবে জলবায়ু বদলে যাচ্ছে? এই পরিবর্তনের জন্য মানুষ কতটা দায়ী? এই পরিবর্তন কী প্রভাব ফেলতে পারে জাতীয় জীবনে? আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি পেতে মানুষের কী করণীয়? এসব নিয়ে ভাবনার শেষ নেই বিজ্ঞানীদের। শাহরিয়াজ সরকারের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বইটিতে বিশ্ব আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের নানান উপাদান নিয়ে সাতটি পৃথক অধ্যায়ে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়টি পৃৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে। বায়ুমণ্ডল কীভাবে গঠিত হয়েছিল, এটা কী পরিমাণ দূষিত, এসিড-বৃষ্টি কিংবা মেরুপ্রভা কেন হয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। বায়ুমণ্ডল কেন আবর্তিত হয়, কেনই বা বায়ু প্রবাহিত হয়, টর্নেডো কীভাবে সৃষ্টি হয়—এসব প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় অধ্যায়ে। বিদ্যুৎ চমকানো, মেঘ, বৃষ্টি বা শিলাবৃষ্টি, কুয়াশা—এসবের কারণ ব্যাখ্যা করা হয়েছে ‘ঝড়ের কৌশল’ নামের অধ্যায়ে। বায়ুচাপ নিয়ে আলোচনা করা হয়েছে পৃথক একটি অধ্যায়ে। রংধনু কী, মরীচিকা কী, সৌর ও চন্দ্র বর্ণবলয় কীভাবে গঠিত হয়, পর্বত বর্ণবলয় কেন হয়, আবহাওয়ার যে আমূল পরিবর্তন, তার পর্যবেক্ষণে কী করণীয়? ইত্যাদি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে বাকি অধ্যায়গুলোতে। বইয়ের প্রতিটি আলোচনা একটি প্রশ্নকে ঘিরে। প্রতিটি পাতাই চিত্রে ঠাসা। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জানার জন্য বইটি পড়া যায় বৈকি।শর্মিলা সিনড্রেলা