প্রকাশনা
টেলিস্কোপ-১১(একটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী)সম্পাদক: রুশো তাহেরমূল্য: ৫০ টাকামহাবিশ্ব নিয়ে কৌতূহল আদিকাল থেকেই। আর সেই কৌতূহল থেকে উদ্ভাবিত হয়েছে বিগব্যাংয়ের মতো তত্ত্ব। টেলিস্কোপ-এর ১১তম সংখ্যায় মহাবিশ্বতত্ত্ব বিগব্যাং নিয়ে রয়েছে বিশেষ আয়োজন। সঙ্গে আছে তেজস্ক্রিয় মৌল থেকে বিকিরিত বিভিন্ন রশ্মির ক্রিয়াকলাপ নিয়ে লেখা এবং পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের মিল-অমিল নিয়ে মজার কিছু তথ্য।সম্প্রতি জাপানে হয়ে যাওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৯। এর ফলে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা-১ পারমাণবিক চুল্লিতে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, তাতে প্রশ্ন উঠেছে, ‘পারমাণবিক শক্তি ব্যবহারে মানব প্রজাতি কতটা স্মার্ট?’ প্রশ্নটি বিশেষভাবে উঠে এসেছে সম্পাদকের কলমে। ‘থিওরি অব রিলেটিভিটি’ নিয়ে সুকল্যাণ বাছাড়ের লেখাটি আবার নতুনভাবে আগ্রহী করে তুলতে পারে আইনস্টাইনের তত্ত্বটি সম্পর্কে জানার। সাময়িকীতে অন্যতম সংযোজন হলো ন্যানোবিজ্ঞান অধ্যায়টি। ১০০ ন্যানোর নিচে গেলে (ব্যাস) পদার্থের আচরণ কীভাবে বদলায়, বা ন্যানোমিটার স্কেলে কতটুকু ছোট করলে পদার্থের রং কীভাবে বদল হয়, কিংবা কেন এই ন্যানোবিজ্ঞান—এসব বিস্তারিত জানা যাবে। সাময়িকীটিতে বিজ্ঞানভিত্তিক লেখার পাশাপাশি যুক্ত হয়েছে কবিতাগুচ্ছ এবং সাহিত্য সমালোচনা।রাকিব মোজাহিদ