প্রকাশনা
স্কুল সায়েন্স ফেয়ার প্রজেক্ট: ফিজিক্সলেখক: আবদুল্লাহ আল মামুনপ্রকাশক: বিজ্ঞান একাডেমিমূল্য: ২০০ টাকা মাত্রঅভিকর্ষ সব বস্তুকে একই বেগে নিচের দিকে টানে—তা কীভাবে প্রমাণ করা যায়। প্রথমে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, তারপর কার্য-সম্পাদন এবং শেষে ফলাফল জানা। এভাবে পরীক্ষণের মাধ্যমে আমরা বিজ্ঞানের একটি ঘটনাকে ব্যবহারিকভাবে জানতে পারি। আবদুল্লাহ আল মামুন রচিত সায়েন্স ফেয়ার প্রজেক্ট সিরিজের ফিজিক্স বইটিতে পদার্থবিদ্যার নানা বিষয়ের ওপর ১০১টি পরীক্ষণের বর্ণনা রয়েছে। বইটির ১২টি অধ্যায়ে পরীক্ষণগুলো অত্যন্ত সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। প্রতিটি পরীক্ষণের জন্য উপকরণ, উপাদান, কার্যপ্রণালি, ফলাফল পর্যবেক্ষণ প্রভৃতির বর্ণনা রয়েছে। প্রকৃত অর্থে বিজ্ঞানের তত্ত্ব বুঝতে হলে ব্যবহারিক পরীক্ষণের গুরুত্বই সবার আগে। পদার্থবিজ্ঞানে আগ্রহী, বিশেষত স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বইটি উপকারী হবে।একটি আলোর বাল্ব কীভাবে কাজ করে, একটি চুম্বকের ওপর বৈদ্যুতিক প্রভাব কেমন, ব্যাটারির ধনাত্মক প্রান্ত নির্ণয় করা, ইলেকট্রন সঞ্চালনের প্রমাণ, চৌম্বকীয় উত্তর মেরু নির্ণয় করা, পারফিউম স্প্রেয়ার কীভাবে কাজ করে—বইটি পড়ে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে এসব পরীক্ষা অনায়াসে করতে পারবে। প্রতিটি পরীক্ষা বর্ণনার পাশাপাশি ঘটনাটি কেন ঘটে, তার কারণ ব্যাখ্যা করা হয়েছে। যেমন—চুল আঁচড়ানোর পর চিরুনি কেন কাগজের টুকরোকে আকর্ষণ করে, একটি ভারী জাহাজ পানিতে কেন ভাসে, বাঁশিতে ফুঁ দিলে কেন সুর উৎপন্ন হয় ইত্যাদি।মাসুম ভূঁইয়া