প্রকাশনা
টিচিং অ্যান্ড লার্নিং অব অ্যাডভোকেসি স্কিলস সম্পাদনা: ড. মিজানুর রহমান , পলল প্রকাশনী, প্রকাশ: ফেব্রুয়ারি ২০১১, মূল্য: ৩০০ টাকা। আইন পেশায় কলাকৌশল এবং দক্ষতা বাড়ানোর বিষয় নিয়ে বইটি করা হয়েছে। সম্ভবত এটি বাংলাদেশে এ-জাতীয় প্রথম কোনো প্রকাশনা। একজন আইনের শিক্ষার্থী তাঁর শিক্ষাজীবন থেকেই আইন পেশা পরিচালনা পর্যন্ত ধাপে ধাপে কী ধরনের দক্ষতা বাড়ানো প্রয়োজন, তা এখানে ব্যবহারিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়েছে। বইটিতে পাঁচটি অংশ আছে। প্রথম অংশে আছে আইনজীবী, মক্কেলের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, আদালতের প্রতি দায়িত্ব, মক্কেলের সঙ্গে কীভাবে মামলার ধরন নিয়ে কথা বলতে হয়, ব্যবহারিক আইন শিক্ষা এবং আইন গবেষণা প্রভৃতি। দ্বিতীয় অংশে আছে বিচারপর্যায়ে কীভাবে দক্ষতা বাড়ানো যায়, জবানবন্দি ও জেরার কলাকৌশল, তথ্য-উপাত্ত প্রদর্শন করার নিয়ম। তৃতীয় অংশে আছে আরজি ও জবাবের লেখার কৌশল, বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়, দেওয়ানি ও ফৌজদারি আইন নিয়ে আলোচনা প্রভৃতি। চতুর্থ অংশে আছে বিচারপর্যায়ে আইনজীবীদের দক্ষতা বাড়ানোর কৌশল বিষয়ে আলোচনা। পঞ্চম অংশে আছে আপিল পর্যায়ে কীভাবে মামলা পরিচালনা করা উচিত এবং এ-সংক্রান্ত আবেদনের নমুনা। ষষ্ঠ অংশে আছে এনজিওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে কিছু আলোকপাত। প্রতিটি অধ্যায়ে উদাহরণ এবং কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অংশে বিভিন্ন চিত্র এবং তথ্য-উপাত্ত ও নমুনা দেখিয়ে বিশ্লেষণ করা হয়েছে। ফলে আইন পেশার ক্ষেত্রে দক্ষতা বাড়াতে বইটি একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। আইনের শিক্ষার্থী এবং তরুণ আইনজীবীরা বইটি থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন। বইটি একুশে বইমেলায় পলল প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। কালো কাফনমমতাজ রহমানপ্রকাশক: মিজান পাবলিশার্স, প্রকাশ: ফেব্রুয়ারি ২০১১, মূল্য: ৩৫০ টাকাকতিপয় আইনপ্রণেতা, আইনজীবী, রাজনীতিবিদ এবং প্রজাতন্ত্রের কিছু কর্মচারী ও কর্মকর্তার মুখোশ উন্মোচনের বাস্তব জীবনচিত্র এই কালো কাফন। বাংলাদেশের মামলা মানেই বোধহীন, গতিহীন, উপায়হীন অনন্তকালের স্থবিরতা। সে উপলব্ধি থেকে লেখক আইনের কিছু দুর্বল দিকের প্রতি সাহসীর আঙুল তুলেছেন। গল্পের ছলে আদালতপাড়ার ভোগান্তির দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে।বাংলাদেশের একটি মামলা শুরু থেকে শেষ অবধি মানুষকে কীভাবে অবর্ণনীয় কষ্ট দেয় এবং তার কী ভয়াবহ পরিণতি হয় এর প্রকৃত বাস্তব চিত্র নতুন করে স্মরণ করিয়ে দেবে পাঠক সমাজকে। আইনের ধারক-বাহকদের কিছুটা হলেও ভাবিত করবে এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়াদি।