প্রকাশনা
স্কুল সায়েন্স ফেয়ার প্রজেক্ট: বায়োলজি লেখক: বুলবুল আহমেদ ও আবদুল্লাহ-আল-মামুনপ্রকাশক: বিজ্ঞান একাডেমী মূল্য: ২০০ টাকাঅনেক শিক্ষার্থীর ইচ্ছা থাকে বিজ্ঞান মেলায় প্রজেক্ট দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার। তাদের জন্য অত্যন্ত দরকারি একটি সিরিজের নাম হলো স্কুল সায়েন্স ফেয়ার প্রজেক্ট। এই সিরিজের বইগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, জ্যামিতি, জিওগ্রাফি ও বায়োলজি। বইটি তিনটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে উদ্ভিদ নিয়ে খুবই সরল আলোচনা করা হয়েছে এখানে। যেমন এই বইয়ের ‘নিশ্চল পানি’ অধ্যায়টির কথাই ধরা যাক। তার আগে বলি, একসময় চিকিৎসকেরা আহত স্থান বাঁধতে শেওলা ব্যবহার করতেন। এবং অন্যান্য ড্রেসিং থেকে শেওলা বাঁধা ড্রেসিং কম পরিমাণে সংক্রমিত হয়। এর কারণ কী? বায়োলজি বইয়ের এই অধ্যায়টি পড়লেই জানা যাবে, শেওলা ভালোভাবে তরল শোষণ করে এবং শুষ্ক স্পঞ্জের মতো কাজ করে। এ জন্যই বাগানে প্রায়ই মাটির সঙ্গে শেওলা মিশ্রিত করা হয়, যাতে অধিক পানি ধরে রাখে। মাটি ছাড়া ভোজ্য উদ্ভিদ কীভাবে জন্মায়, কেন সমুদ্রের ১০০ মিটার নিচে সবুজ উদ্ভিদ পাওয়া যায় না, উদ্ভিদের বৃদ্ধিতে অভিকর্ষের প্রভাব কেমন ইত্যাদি নানা প্রশ্নের জবাব খুব সহজে ব্যাখ্যা করা হয়েছে বইটিতে। বায়োলজির দ্বিতীয় পর্বে রয়েছে প্রাণীদের নিয়ে প্রজেক্ট। তবে প্রাণী বলতে এখানে খুব সাধারণ ও ছোটদের নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন মাছি, ফড়িং, পাখি, ঝিঁঝি পোকা, কেঁচো ইত্যাদি। বায়োলজির তৃতীয় পর্বে আলোচনা করা হয়েছে মানবদেহ নিয়ে। এক চোখ বন্ধ করে আঙুলের সাহায্যে এক চোখে দেখলে কেন শব্দগুলো আরও স্পষ্ট হবে এবং সহজে পড়া যাবে—জানা যাবে এই পর্বটি পড়লে। এতে আরও জানা যাবে, চোখের কী কাজ, কান কীভাবে শোনে, কান কীভাবে শব্দের উৎস নির্ণয় করতে পারে, প্রতিটি আঙুল কি স্বাধীনভাবে চলতে পারে কিংবা অস্থিরা কীভাবে নড়াচড়া করে ইত্যাদি। বইটির বিশেষ দিক হলো প্রতিটি অধ্যায়ই স্বচিত্রও সহজপাঠ্য। শর্মিলা সিনড্রেলা