প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তখন প্রখর আলোর নিচে পাথর ভাঙছেন নারী। আঘাতে আঘাতে ভাঙা পাথরের বুক থেকে বেরিয়ে পড়ছে গোলাপি ফুসফুস। জ্বলে উঠছে আলো কিংবা আগুন’—অগ্নি ও জল বইটির ভূমিকাটিতে নারীর সংগ্রামের এ রূপটিই হয়েছে প্রকাশিত। যে বইটির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে নারীর স্বীয় ক্ষমতায়নের পরিবর্তিত গতিপথের গল্পমালা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১২ মার্চ ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পাথওয়েজ অব উইমেন্স এমপাওয়ারমেন্টের গবেষণা কার্যক্রম ছোটগল্পের সংকলন অগ্নি ও জল। রূপান্তরের গল্প। এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনের সেমিনার কক্ষে। বেগুনি মোড়কে আবৃত বইটির মোড়কের বেগুনি রংটির অর্থ ছিল নারীকে নিজ শক্তিতে জ্বলে ওঠার আহ্বান জানানো। বইটির মোড়ক উন্মোচন করেন কবি রুবি রহমান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত। বইটির সম্পাদক শামীম আজাদ বলেন, ‘পরিবর্তনের জন্য গল্প: সৃজনশীল লেখনী’ কর্মশালার মাধ্যমে তৈরি হয় এর সূচনা। এ কর্মশালায় তরুণ লেখকেরা জনপ্রিয় লেখকদের সঙ্গে কাজ করেছেন এবং লেখনীর দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়েছেন। এ বইয়ে যাঁদের গল্প প্রকাশিত হয়েছে, তাঁরা কেউ হয়তো ব্লগের লেখক, কেউ বইমেলার, কেউ বা শখের। নারীর ক্ষমতায়ন, নারীর সংগ্রাম, প্রতিকূলতা, অর্জন—সবই এ বইয়ে উঠে এসেছে তাঁদের লেখনীতে।কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অদিতি ফাল্গুনী, শাহনাজ মুন্নী, ঝর্না রহমান, পাপড়ি রহমান, মনি হায়দারসহ ২৫ জন লেখকের লেখনীর ফসল এ অগ্নি ও জল। অনুষ্ঠানে লেখকসহ আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজীম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিল্পী নিলুফার বানু, ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দ হাশেমী।