প্রকাশনা ও ভিড় বেড়েছে, বিক্রি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রোড ডিভাইডারের ওপর সারি দিয়ে বসে তরুণ-তরুণীরা আড্ডায় মশগুল। অনেকে পায়ে পায়ে এগোচ্ছেন গ্রন্থমেলার দিকে। বিকেল থেকেই মেলার প্রবেশপথে লাইন। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও মেলায় বিপুল জনসমারোহ। উপলক্ষ ভালোবাসা দিবস। আগের দিন বসন্ত উত্সব, এর আগে শুক্রবারের ছুটি—তাই টানা তিন দিন ধরে শাহবাগ, টিএসসি ও শহীদ মিনার এলাকা উত্সবমুখর।বিক্রি বাড়েনি: প্রচুর লোকসমাগম। উত্সাহ-উদ্দীপনাও বিপুল। প্রাণবন্ত পরিবেশ। রেকর্ড প্রকাশনা। সবই আছে, কিন্তু বিক্রি কমে গেছে বইমেলায়। প্রথম দুই সপ্তাহের বিক্রি নিয়ে বাংলা একাডেমী যে জরিপ করেছে, তাতে দেখা যাচ্ছে এবার মেলায় আগের দুই বছরের চেয়ে বিক্রি অনেক কমেছে। গত পাঁচ বছরের মধ্যে প্রথম দুই সপ্তাহে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল ২০০৭ সালে, প্রায় ২৭ লাখ ৬৩ হাজার টাকার বই। গত বছর বিক্রি হয়েছিল প্রায় ২৬ লাখ ৩১ হাজার টাকার। এবার বিক্রি হয়েছে আনুমানিক ২৪ লাখ ৮০ হাজার টাকার বই।প্রকাশনা বেড়েছে: গত পাঁচ বছরের মধ্যে এবার প্রকাশনা সব থেকে বেশি। গতকাল পর্যন্ত তথ্যকেন্দ্রে জমা পড়েছে এক হাজার ৬৪৯টি নতুন বই। এর আগের বছরগুলোতে ২০০৬ সালে এক হাজার ২২টি, ২০০৭ সালে ৮৪৪টি, ২০০৮ সালে এক হাজার ১১৭১টি এবং ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল এক হাজার ২৯৬টি নতুন বই। এ বছর প্রকাশিত বইয়ের মধ্যে শীর্ষে আছে কবিতা ৩৫৩টি। এরপর উপন্যাস ৩২৭টি, গল্প ১৯২টি, জীবনী ৭৪টি, শিশুসাহিত্য ৬৭টি।মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে ভালোবাসা দিবসে মোড়ক উন্মোচন করা হয়েছে ফেরারী কৌশিক সম্পাদিত পালকি প্রকাশন থেকে প্রকাশিত দশ তরুণের প্রেমের কবিতা, এশিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত বিচারপতি এবাদুল হকের স্মৃতিকথা ফেলে আসা সেইসব দিনের কথা, যুক্ত থেকে প্রকাশিত কর্নেল (অব.) আবদুস সালামের মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ একাত্তরের একজন মুক্তিযোদ্ধা, আগন্তুক থেকে প্রকাশিত আলী এহসানের উপন্যাস যুদ্ধপুরাণ, টুম্পা প্রকাশনী থেকে সারোয়ার হোসেনের উপন্যাস বিপরীত বৃত্তান্ত ইত্যাদি।নতুন বই: গতকাল তথ্যকেন্দ্রে ৯৪টি নতুন বই জমা পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি—ইত্যাদি থেকে সুলতানা কামালের প্রবন্ধ নারী, মানবাধিকার ও রাজনীতি, সাহিত্য প্রকাশ থেকে হাবীবুল্লাহ সিরাজীর গল্প আমার কুমার, বিপ্রদাশ বড়ুয়ার ভ্রমণকাহিনি মায়াবী জাপান, মম প্রকাশনী থেকে দিলীপ বিশ্বাস সম্পাদিত সংগীতবিষয়ক গ্রন্থ অতুল প্রসাদ: গান ও স্বরলিপি, অ্যাডার্ন থেকে সাযযাদ কাদিরের বিজ্ঞানবিষয়ক ইউ এফ ও গ্রহান্তরের আগন্তুক, ফেরদৌস নাহারের কবিতা পান করি জগত্ তরল, মিজান থেকে খায়রুল আলম সবুজের উপন্যাস দিনান্তে দিন, ইছামতি থেকে মাহবুবুর রহমানের দর্শনবিষয়ক বিশ্বনন্দিত মুসলিম দার্শনিক প্রসঙ্গ, ঐতিহ্য থেকে শাহাদুজ্জামান অনূদিত ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠদিন এবং অন্যান্য অনুবাদ গল্প, আগামী থেকে মোহাম্মদ হাননানের ইতিহাস বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ, অনিন্দ্য থেকে আলম তালুকদারের ছড়া পাকলে চুল পাকে না, জিনিয়াস থেকে এসেছে হাসান হাফিজের ছড়া দোল দুলুনি মন ভুলুনি, আফসার ব্রাদার্স থেকে এসেছে চিকিত্সক দিদারুল আহসানের চিকিত্সাবিষয়ক গ্রন্থ ত্বক পরিচর্যা ও যৌন বিজ্ঞান, লেখিকা সংঘের প্রকাশনা রওশন সালেহার উপন্যাস ফিরে এসো খামার কন্যা, স্বব্যঞ্জন থেকে এসেছে জাহাঙ্গীর মোহাম্মদের কবিতা অরণ্যে জনপদে। এ ছাড়া উল্লেখযোগ্য বইয়ের মধ্যে দিব্য থেকে প্রকাশিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বাংলা কাব্য পরিচয়। কবিগুরু এই একটি কাব্যগ্রন্থই সম্পাদনা করেছিলেন। এই দুর্লভ বইটি নতুন করে ছাপিয়েছে দিব্য। এ ছাড়া সাহিত্য বিলাস থেকে এসেছে রাহাত খানের উপন্যাস ভালমন্দ মানুষ ও ছায়া জীবন, আগামী থেকে তারিক সুজাতের কবিতা আকাশ পুরান।আলোচনা: মেলার মূলমঞ্চে গতকাল ছিল ‘ভাষা-সংগ্রামী প্রিন্সিপাল আবুল কাশেম’ শীর্ষক আলোচনা। মূল প্রবন্ধ পড়েন হোসনে আরা শাহেদ। আলোচনা করেন ফজলুল হক সরকার ও সাইফুদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন আবুল কাশেম ফজলুল হক। পরে ছিল আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। ভালোবাসার দিনে শ্রোতাদের আবৃত্তি শোনান কেয়া চৌধুরী, আহকামউল্লাহ, মাহিদুল ইসলাম, শাহাদাত্ হোসেন প্রমুখ। পরে গান শোনান খুরশীদ আলম, মহিউজ্জামান চৌধুরী, শিখা রউফ, নাসিমা শাহীন প্রমুখ।