অমর একুশের গ্রন্থমেলার শেষ দিনগুলো কাটছে। আজ বুধবার বাদে বাকি আছে আর মাত্র চার দিন। তবে মেলার পরিবেশ এখনো প্রাণচঞ্চল। বিকেল বেলায় গ্রন্থানুরাগীরা আসছে মেলায়। শেষদিকে সংগত কারণেই প্রকাশনার সংখ্যা কিছুটা কমে গেছে, তবে সে তুলনায় বিক্রি বেশ বেড়েছে। ভিড়ভাট্টা কম থাকায় এখন বেশ স্বস্তির সঙ্গেই বাছবিচার করে বই কিনতে পারছে ক্রেতারা।মেলায় এলেন হুমায়ূন আহমেদ: গতকাল মঙ্গলবারই এবার প্রথম মেলায় এসেছিলেন জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। বিকেল পাঁচটায় তিনি, ছেলে নুহাশ আহমেদ, ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম মেলায় আসেন। এরপর যা হওয়ার তা-ই হলো। অন্যপ্রকাশের স্টলের সামনে এমন চাপ সৃষ্টি হলো মানুষের যে, তাতে বিক্রি তো বন্ধ হয়ে গেলই, অগত্যা পরিস্থিতি সামাল দিতে পুলিশের শরণাপন্ন হতে হলো তাদের। তারপর নারী-পুরুষের আলাদা লাইন হলো। শুরু হলো বিক্রি ও অটোগ্রাফ দেওয়ার পালা।এক ফাঁকে হুমায়ূন আহমেদ উপস্থিত সাংবাদিকদের বললেন, ‘এই ভিড়ের কারণেই মেলায় এখন আর আসা হয় না। আশির দশক পর্যন্ত মেলায় এসে ঘুরে বেড়াতাম। ভালো লাগত। এখন এই ভিড়ের চাপে বেশিক্ষণ থাকলে অসুস্থতা বোধ করি। তবে আমি মনে করি, একজন লেখকের ভালো লেখাটাই জরুরি। প্রতিদিন মেলায় আসাটা জরুরি নয়।’ এবার মেলায় তাঁর মোট সাতটি বই এসেছে। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি অন্যপ্রকাশ থেকে এসেছে হিমুর নীল জোছনা। হুমায়ূন আহমেদ জানালেন, এটিই এ মেলায় তাঁর শেষ বই। হিমুর এই বইটি লিখতে বেশ সময় লেগেছে বলেই এটি আসতে দেরি হয়েছে। এ ছাড়া মাতাল হাওয়া সম্পর্কে তিনি বলেন, ‘ঊনসত্তরের অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই উপন্যাসটি লেখা। পাঠকেরাই বলতে পারবেন সেই পরিস্থিতির রূপায়ণে কতটা সফল হয়েছি।’ অন্যপ্রকাশ থেকে আসা অপর দুটি বই হলো উপন্যাস শুভ্র গেছে বনে এবং আত্মজীবনী কাঠপেন্সিল।ভাষা আন্দোলনে পত্রপত্রিকার ভূমিকা: ‘পত্রপত্রিকাই বাংলার জাগরণের মূল অবলম্বন ছিল। সাময়িকপত্রের পুরোনো পাতাতেই জাতির চিন্তাচর্চার আসল চেহারা ফুটে উঠেছে।’ মেলামঞ্চে গতকাল ভাষা আন্দোলনে পত্রপত্রিকার ভূমিকা বিষয়ে আলোচনায় ইসরাইল খান তাঁর মূল প্রবন্ধে এই মন্তব্য করেন।সভাপতি আতফুল হাই শিবলী বলেন, ভাষা আন্দোলনে পত্রপত্রিকার ভূমিকা নিয়ে আমাদের উল্লেখযোগ্য গবেষণা হয়নি। নতুন প্রজন্মের কাছে সে সময় কারা কী ভূমিকা পালন করেছিল, তা তুলে ধরা দরকার।আলোচনায় অংশ নেন সাংবাদিক আবেদ খান ও তপন বাগচী। আলোচনা শেষে সন্ধ্যায় বুলবুল ললিতকলা একাডেমি পরিবেশন করে গীতিনাটক চিত্রাঙ্গদা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উদ্যোগে পরিবেশিত হয় দুর্নীতিবিরোধী গণনাটিকা।মোড়ক উন্মোচন: গতকাল যেসব নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে তার মধ্যে ছিল রান্নাবিষয়ক গ্রন্থ ম্যাগি ১০ মিনিটে রান্না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বইটির মোড়ক উন্মোচন করেন। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন রাহিমা সুলতানা। স্বল্পসময়ে কী করে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার তৈরি করা যায়, এমন ১০০টি খাবার তৈরির পদ্ধতি রয়েছে বইতে। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন, নেসেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট থেরন্ড প্রমুখ। এ ছাড়া নজরুল মঞ্চে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত শামীম আজাদের কলাম বিলেতে স্ন্যাপশট, কথা প্রকাশ থেকে শফিউদ্দিন তালুকদারের বাংলাদেশের আদিবাসী মুক্তিযোদ্ধা, নূর-কাশেম প্রকাশনী থেকে হারুণ-অর-রশীদের সোয়াইন ফ্লু: আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতার মোড়ক উন্মোচন করা হয়।নতুন বই: গতকাল মেলার তথ্যকেন্দ্রে নতুন বই জমা পড়েছে ৭২টি। এর মধ্যে ছিল—গতিধারা থেকে মাহবুবুল হকের প্রবন্ধ বাংলার লোকসাহিত্য: সমাজ ও সংস্কৃতি, মাওলা ব্রাদার্স থেকে বেলাল মোহাম্মদের প্রবন্ধ গল্পের মতো, ইছামতি থেকে ড. নিগার চৌধুরীর গবেষণা বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও বাঙালির সংগ্রাম, সূচীপত্র থেকে সুভাষ জেং চামের আদিবাসীবিষয়ক গ্রন্থ গারোদের সমাজ ও সংস্কৃতি, অন্যপ্রকাশ থেকে আনা ইসলামের গল্প কাসান্দ্রা: ১৯৭৫, বিজ্ঞান প্রকাশনী থেকে এসেছে আব্দুল্লাহ আল মামুনের বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ওয়াইম্যাক্স, অন্বেষা থেকে এসেছে হাজেরা নজরুলের নির্বাচিত গল্প ইত্যাদি। এ ছাড়া অন্যান্য বইয়ের মধ্যে ছিল প্রথমা থেকে প্রকাশিত সৈয়দ আবুল মকসুদের ঢাকার বুদ্ধদেব বসু, উত্স থেকে প্রকাশিত হয়েছে সুমনকুমার দাশ সম্পাদিত লোকসাধক দুর্বিন শাহ রচনাসমগ্র, ইত্যাদি থেকে অপূর্ব শর্মার সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র, সাহিত্যপ্রকাশ থেকে এসেছে ফেরদৌসী মজুমদারের ব্যতিক্রমধর্মী বই নূরী কাহিনী। গৃহকর্মী নূরীকে নিয়ে লিখেছেন তিনি। আকাশ থেকে এসেছে আবু সাঈদ খানের এবং দিন বদলের রাজনীতি। আগন্তুক থেকে অজামিল বনিকের কাব্য কেউ কেউ দেখে, নন্দিতা প্রকাশ থেকে এসেছে আমিনা খাতুনের নাটক শরতের রাণী, জিয়া উদ্দিনের গল্প হিজল বনে শিকারী শহর এসেছে মিজান পাবলিশার্স থেকে। জাগৃতি থেকে এসেছে মনিজা রহমানের গল্প অপ্সরার ওড়না, পাঠসূত্র থেকে গোলাম শফিকের প্রবন্ধ সুলুক সন্ধান, সাজ্জাদ কবীরের বৈজ্ঞানিক কল্পকাহিনী অ্যাপার্ট সিটি। প্রকাশনার সংখ্যা এখন কমে এলেও মেলার শেষদিন পর্যন্ত তা অব্যাহত থাকবে যেমন থাকবে গ্রন্থানুরাগীদের উপস্থিতি।