চট্টগ্রামে প্রথম আলোর গোলটেবিল
প্রকাশনাশিল্পের ঐতিহ্য ফেরাতে মানসম্পন্ন বই প্রকাশ জরুরি
চট্টগ্রামের প্রকাশনাশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রয়োজন মানসম্পন্ন বই প্রকাশ। এ জন্য বই প্রকাশের নীতিমালা তৈরি, সম্পাদনা পর্ষদ গঠন এবং প্রচার ও বিপণনের ওপর গুরুত্ব দিতে হবে। গতকাল বুধবার প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রামের প্রকাশনাশিল্প’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের অগ্রণী প্রকাশক সৈয়দ মোহম্মদ শফি, লেখক মনিরুজ্জামান, শিল্পসমালোচক আবুল মনসুর, কবি শিশির দত্ত, লেখিকা আনোয়ারা আলম, কবি ও প্রচ্ছদশিল্পী খালিদ আহসান, শৈলীর প্রকাশনা উপদেষ্টা রাশেদ রউফ, বলাকার প্রকাশক জামাল উদ্দিন ও পুস্তক বিক্রেতা দীপংকর দাশ। সঞ্চালনে ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।সভার শুরুতে চট্টগ্রামের প্রকাশনা নিয়ে গোলটেবিল বৈঠকের গুরুত্ব তুলে ধরেন আবুল মোমেন। বৈঠকে এখানকার প্রকাশনার অতীত-বর্তমান, লিটল ম্যাগাজিন, প্রকাশনার মান ও বইমেলা নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠক বক্তাদের আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে।সৈয়দ শফি বলেন, বাংলাদেশের প্রকাশনাশিল্পের সবচেয়ে বড় দুর্বলতা বিপণনব্যবস্থা। আবুল মনসুর বলেন, ‘কেবল চট্টগ্রাম নয়, সারা দেশের খুব কম প্রকাশনীরই পেশাদারি মনোভাব আছে।’ মনিরুজ্জামান জাতীয় গ্রন্থ কেন্দ্রসহ সরকারি সংস্থাগুলোকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান। বৈঠকে বক্তারা চট্টগ্রামে প্রতিবছর সম্মিলিতভাবে একটি বইমেলা আয়োজনের প্রস্তাব দেন। এ ছাড়া চট্টগ্রামের দুটি প্রকাশনীর সঙ্গে জড়িত ব্যক্তিরা মানসম্পন্ন বই প্রকাশের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।শৈলী প্রকাশনীর উপদেষ্টা রাশেদ রউফ বলেন, ‘সংবাদমাধ্যমে অনুকূল প্রচার পেলে চট্টগ্রামের প্রকাশনাশিল্প এগিয়ে যাবে।’ বলাকা প্রকাশনীর প্রকাশক জামাল উদ্দিন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলো বই কেনার ক্ষেত্রে চট্টগ্রামের সঙ্গে বৈষম্য করছে।’