প্রকাশনায় কপিরাইট আইনের প্রয়োগ দুর্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখকের রচনা তাঁর মস্তিষ্কসৃজন সম্পদ বলে তা বিশ্বে মেধাসম্পদ হিসেবে স্বীকৃত। লেখকের মেধাসম্পদ রক্ষায় আইনের বিধান দ্বারা এর ব্যবস্থাপনা ও লেখকের দেহত্যাগের পরও উত্তরাধিকারীরা যেন এর থেকে প্রাপ্ত আয় লাভ করতে পারেন, তার জন্য জাতীয় ও আন্তর্জাতিক আইন বলবৎ রয়েছে; যা মেধাস্বত্ব আইন বা কপিরাইট হিসেবে স্বীকৃত। মেধাস্বত্ব-সংক্রান্ত আন্তর্জাতিক ট্রিপস (TRIPS—Trade Related Aspects of Intellectual Property Rights) চুক্তির মাধ্যমে লেখকের লেখনী স্বত্বাধীকৃত বিষয়গুলো কমপক্ষে ৫০ বছর (লেখকের জীবনাবসানের পর) লেখকের উত্তরাধিকারীদের বিনা অনুমতিতে প্রকাশ, বিতরণ, পুনরায় উৎপাদন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে বলবৎ আইনে এই সময়সীমা ৬০ বছর। বাংলাদেশ ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রপারটি অরগানাইজেশনের (WIPO) সদস্যভুক্ত দেশ হিসেবে ডব্লিইআইপিও পরিচালিত বার্ন কনভেনশন, ইউনেসকো পরিচালিত ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন (UCC) ও বিশ্ববাণিজ্য সংস্থার (WTO) সদস্য হওয়ার কারণে এ-সংক্রান্ত, ট্রিপস চুক্তিসহ সংশ্লিষ্ট অন্যান্য চুক্তি কনভেনশনের কপিরাইট-সংক্রান্ত সব শর্ত মেনে চলতে বাধ্য।বাংলাদেশে বলবৎ কপিরাইট আইন-২০০০-এ (২০০৫ সালে সংশোধিত) সর্বমোট ১৭টি অধ্যায় এবং ১০৫টি ধারা বিদ্যমান। এতে কপিরাইট লঙ্ঘনজনিত অপরাধ, অপরাধের প্রকৃতি ও তার বিপরীতে শাস্তির বিধানের বর্ণনা রয়েছে। এ ক্ষেত্রে দেওয়ানি ও ফৌজদারি আইনে প্রতিকারের ব্যবস্থা রয়েছে। দেওয়ানি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ আদায় ইত্যাদি এবং ফৌজদারি আদালতের মাধ্যমে জেল-জরিমানাসংক্রান্ত শাস্তির বিধান রয়েছে (ধারা-৭৫-৮১)। অনুমোদনবিহীন প্রকাশনার বা পাইরেসির ক্ষেত্রে বাংলাদেশে যেন রেকর্ড গড়েছে। ঢাকার নীলক্ষেতসহ কিছু বইয়ের বাজারে কী বই, কে লেখক, কে প্রকাশক ইত্যাদি এখানকার বই উৎপাদকদের কাছে কোনো বিচার্য বিষয় নয়। মূল্যায়নের বিষয় হচ্ছে বইটি পুনরায় উৎপাদন হলে বাজারে চাহিদা কত, উৎপাদিত বইয়ের বাজার ইতিবাচক কি না। এখানে সিন্ডিকেট করে, গ্রুপ করে পাইরেটেড বই প্রকাশ হতে দেখা যায়।পাইরেসি বই উৎপাদকচক্র এতটাই সংঘবদ্ধ যে, উৎপাদন ও বিতরণব্যবস্থা দেখে মনে হবে, এ এক সুচারু সৃজনশীল কর্ম। এ ক্ষেত্রে আইনের বিধানের কোনো ব্যত্যয় হচ্ছে বলে মনে হওয়ার কোনো লক্ষণ নেই। আমি নিজে কয়েকজন বই বিক্রেতার কাছে এসব পাইরেসি বই বিক্রি অন্যায় ও অনৈতিক বলায় বিক্রেতারা পাল্টা বলেছেন, ‘এসব নিয়ে কেউ কোনো কথা বলে না। কম পয়সায় পায় ক্রেতা, প্রয়োজন মিটে যায়, ব্যস। আর আমাদের এসব নিয়ে এত ভাবার সময় কই।’ বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের পাইকারি বাজার বাংলাবাজারেও পাইরেসি নিয়ে দেনদরবারে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সব সময় ব্যস্ত থাকে। দেশে কপিরাইট আইনের অধীনে কপিরাইট টাস্কফোর্সও গঠন করা হয়েছে। কিন্তু নেইযেন আন্তরিকতা ও উদ্দীপ্ত দায়িত্ববোধ। আর দশটা সরকারি প্রতিষ্ঠানের মতো আমাদের রেজিস্ট্রার অব কপিরাইট লোকবল ও রসদের দোহাই দিয়েই ক্ষান্ত। কিন্তু আমরা মনে করি, কপিরাইট লঙ্ঘনকারীরা জ্ঞাতসারেই পাইরেসির কাজটি করে। তাই সেমিনার-সিম্পোজিয়াম করে বুলি দিলেই চলবে না, প্রয়োজন আইনের যথার্থ প্রয়োগের। কপিরাইট অফিস আন্তরিক হলে বিদ্যমান কাঠামোর মধ্যে থেকেও অনেক কাজ করা যায়। কপিরাইট রক্ষার কর্তাব্যক্তিরা ঠান্ডাঘরে বসে কপিরাইটবিষয়ক আলাপ-আলোচনা, সম্মানীর সংযোগ ইত্যাদি পছন্দ করলেও টাস্কফোর্সের অভিযানে মন্থরগতির কারণ আমাদের অজানা।কপিরাইট আইন বেশ শক্ত এবং কপিরাইট টাস্কফোর্সের ত্বরিত কপিরাইট রক্ষার্থে প্রতিকারের বিধান আছে। কপিরাইট আইনের ৯৩(১) ধারায় সাব-ইন্সপেক্টরের নিম্নতর পদাধিকারী নন এমন যেকোনো পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পাইরেসি-সংক্রান্ত কর্মের সব অনুলিপি, যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী এবং অনুলিপি তৈরির উদ্দেশ্যে ব্যবহূত সব প্লেট, যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী যেখানেই পাওয়া যাক, তা জব্দ করতে পারেন। ৯৯ ধারায় কপিরাইট রেজিস্ট্রারকে দেওয়ানি আদালতের অনুরূপ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এত কিছুর পরও অমর একুশে গ্রন্থমেলার ভেতরে এবং মেলা প্রাঙ্গণের সামনের রাস্তায় যেভাবে দেদার পাইরেসি বই বিক্রি হয়, তাতে মনে হয় না কপিরাইট অফিসের তেমন কোনো কার্যকরতা আছে। বাংলা একাডেমীর ভেতরে মেলার সময় কপিরাইট অফিসের একটি স্টল থাকলেও সীমিত পর্যায়ে একজন অফিস সহকারীর মাধ্যমে ‘কপিরাইট কী, কেন মানব কপিরাইট আইন’ শিরোনামের একটি লিফলেট বিতরণ হলেও মেলায় কপিরাইট রক্ষা করে পুস্তক প্রকাশ ও প্রদর্শন হচ্ছে কি না, সে বিষয়ে যথার্থ পদক্ষেপ নেই। দু-একবার কপিরাইট পর্যবেক্ষণ দল মেলার মাঠ পরিদর্শন করে কপিরাইট ভঙ্গকারীদের সতর্ক করলেও আইনানুগ কোনো শক্ত ব্যবস্থা নেয় না। জানি না এ শীতলতার কারণ কী।আজকাল বাংলাদেশ থেকে প্রকাশিত অনেক বই বাজারে আসার দু-চার দিন পরই কোনো কোনো ওয়েবসাইটে দেওয়া হয় লেখক বা প্রকাশকের অনুমতি ব্যতিরেকে মেধাস্বত্বকে বুড়ো আঙুল প্রদর্শন করে।প্রযুক্তির হাওয়া বিশ্বকে এফোঁড়-ওফোঁড় করে বইছে সর্বত্র। প্রযুক্তির প্রভূত্ব আমরা মানতে বাধ্য। বিভিন্ন ওয়েবসাইটে যেভাবে তথ্যভান্ডার সৃষ্টি করে ব্যবহারকারীদের দ্রুত ও সহজে তথ্য পৌঁছে দিচ্ছে হাতের নাগালে, সে ক্ষেত্রে লেখকের মেধাস্বত্ব নিয়ে বিশ্ব আজ চিন্তিত। তথ্যপ্রযুক্তির অবারিত দ্বার খুলে দিতে গিয়ে মেধাস্বত্ব্বের বিষয়টি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হচ্ছে। মেধাস্বত্ব রক্ষায় আইনের মান্যতা ছাড়াও সবচেয়ে বেশি প্রয়োজন সংশ্লিষ্ট সবাইকে বিশ্বাসের সম্পর্ক স্থাপন করে সৃষ্টিশীল কর্মের মর্যাদা রক্ষার মিছিলে শামিল হওয়া।