প্রকাশিত খবর ও র্যাবের বক্তব্য
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঘটনায় মাসুদ ও সাইদুর র্যাব সদস্যদের গুলিতে আহত হওয়া এবং আহত তিনজনকে র্যাব ও সেনাবাহিনীর গুম করার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ‘কান্না থামে না, আতঙ্ক কাটে না’ শিরোনামে গতকাল সোমবার প্রথম আলোয় খবর প্রকাশের পর এ বক্তব্য দেয় র্যাব।র্যাবের বক্তব্যে বলা হয়, ওই দিন রূপগঞ্জ এলাকায় হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র্যাবও তার দায়িত্ব পালন করে। এ ক্ষেত্রে জমি কেনা নিয়ে গ্রামবাসীর সঙ্গে র্যাব সদস্যের সংঘর্ষ হওয়ার অভিযোগটি ঠিক নয়। কারণ, আর্মি হাউজিং স্কিমের জমি কেনার সঙ্গে র্যাবের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া, ওই ঘটনায় ১৮ জন গুলিবিদ্ধ আরও শতাধিক আহত হওয়ার খবরও কাল্পনিক। সংবাদে কিছুসংখ্যক এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে র্যাবকে বিতর্কিত করার চেষ্টা চালানো হয়েছে। র্যাব বলেছে, নিখোঁজ মাসুদের বাবা শহর আলীর উদ্ধৃতি দিয়ে মিছিল লক্ষ্য করে র্যাব গুলি ছোড়ে, মাসুদ ও সাইদুর র্যাব সদস্যদের গুলিতে আহত হন এবং আহত তিনজনকে র্যাব ও সেনাবাহিনী গুম করেছে বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা-ও কাল্পনিক। বৃদ্ধ শহর আলীর উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে র্যাবের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হয়েছে। চিঠিতে বলা হয়, ঘটনার তিন মাসের বেশি সময় পর এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ উদ্দেশ্যমূলক বলে মনে করে র্যাব। রূপগঞ্জের ওই ঘটনায় বর্তমানে একাধিক মামলাসহ প্রয়োজনীয় আইনি তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের অপপ্রচার তদন্ত কার্যক্রমকে ব্যাহত করতে পারে।প্রতিবেদকের বক্তব্য: ভুক্তভোগীদের অভিযোগ, এলাকাবাসীর বক্তব্য এবং সরেজমিনে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য প্রতিবেদনে স্থান পেয়েছে। সেখানে র্যাবের বক্তব্যও যথাযথভাবে ছিল। ওই ঘটনার তিন মাস পরও নিখোঁজ তিন যুবকের বিষয়ে সরকারের কোনো সংস্থা থেকে পরিবারগুলোকে কিছু জানানো হয়নি। পরিবারগুলো জীবিত-মৃত যেকোনো অবস্থায় তাদের সন্তানদের সন্ধান চায়, যা তারা বলেছেও। নিখোঁজ নাগরিকের বিষয়ে তাঁদের পরিবারকে তথ্য দেওয়া রাষ্ট্রেরও দায়িত্ব। গণমাধ্যম কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের সে বিষয়টি মনে করিয়ে দিতে পারে। গণমাধ্যম নিজেরাও অনুসন্ধান করতে পারে, সেখানে তিন মাস-ছয় মাসের বিষয়টি অন্যভাবে দেখার সুযোগ নেই। এতে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের হেয় হওয়ারও কারণ নেই। প্রতিবেদনে ঘটনার তদন্তে ব্যাঘাত ঘটানোর মতো তথ্য বা কারও কোনো বক্তব্য ছিল না। প্রতিবেদন থেকে পাঠক তদন্তের সর্বশেষ অবস্থা জানতে পেরেছে।