‘খবর প্রকাশ করে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষোভের মুখে প্রথম আলো’ শিরোনামে গত বুধবার প্রকাশিত সংবাদের তিনটি তথ্য পুরোপুরি ঠিক নয় বলে দাবি করেছেন পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর। প্রথম আলোয় পাঠানো প্রতিবাদপত্রে অন্য একটি দৈনিকে ছাপা হওয়া স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে দেওয়া দুই লাইনের একটি বক্তব্য উদ্ধৃত করে তা প্রথম আলোয় না ছাপানোয় সমালোচনা করা হয়। উদ্ধৃত করা ওই বক্তব্য ছিল এমন—‘দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ এখন বিশ্বের কাছে স্বীকৃত নাম। দেশে গত কয়েক বছরের দুর্যোগে প্রাণহানি কমে এসেছে, তবে সম্পদহানির পরিমাণ এখনো বেশি।’প্রসঙ্গত, ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আধা ঘণ্টার বেশি সময় ধরে দেওয়া বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বিষয়বস্তুর বাইরে প্রথম আলো ও এর সম্পাদকের তীব্র সমালোচনা করেন। তাঁর ওই বক্তব্য এবং প্রথম আলোর জবাব পরদিনের পত্রিকায় প্রকাশ করা হয়। প্রতিবাদে আরও বলা হয়, কর্মশালার উদ্বোধনী পর্বে শুরুতেই স্বাগত বক্তব্য দেন অক্সফামের রুনা জেসমিন, ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ইসলামিক রিলিফের হেড অব প্রোগ্রাম। কিন্তু প্রথম আলো লিখেছে, শুধু পথিক সাহা বক্তব্য দেন। প্রতিবাদে দাবি করা হয়, এভাবে তথ্য দেওয়ার ফলে ‘পরিবেশিত রিপোর্ট পড়ে মনে হবে যে, প্রথম আলো এবং তার সম্পাদককে গালাগালি করাই ছিল বোধহয় এই আয়োজনের মূল উদ্দেশ্য।...এতে আয়োজকদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’ প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছিল ‘অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর প্রধান প্রতিবেদক পথিক সাহা, সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সভায় শুধু পথিক সাহা কর্মশালার সাফল্য কামনা করে বক্তব্য দেন।’ অর্থাৎ প্রথম আলো বলেছে, তিনজনের মধ্যে শুধু পথিক সাহা বক্তব্য দিয়েছেন। এতে আয়োজকদের ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণ বোধগম্য নয়। বোরহান কবীর তাঁর প্রতিবাদে রুনা জেসমিনকে ‘অক্সফামের’ বলেছেন। কিন্তু রুনা জেসমিন কনসার্ন ইউনিভার্সেলের সহকারী প্রকল্প ব্যবস্থাপক। প্রতিবাদপত্রে আরও বলা হয়, ওই দিনের অনুষ্ঠানের আয়োজক হিসেবে পরিপ্রেক্ষিতের নাম ছাপা হয়েছে। বস্তুত অনুষ্ঠানটি আয়োজন করেছে ইউরোপীয় কমিশনের অর্থায়নে পরিচালিত ডিপিকো (ডিআইপিইসিএইচও) প্রকল্পের পার্টনার সংগঠন অ্যাকশনএইড, কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশ, রেড ক্রিসেন্ট সোসাইটি, ইসলামিক রিলিফ, অক্সফাম ও প্ল্যান। আমন্ত্রণপত্রে ও অনুষ্ঠানস্থলের ব্যানারে আয়োজকদের নাম ছিল। পরিপ্রেক্ষিত ওই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে সহ-আয়োজক ছিল। কিন্তু পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের নামে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, তাতে পরিপ্রেক্ষিতকে মিডিয়া পার্টনার হিসেবে উল্লেখ করা ছিল না। বলা হয়েছিল, ‘বাংলাদেশে ডিপিকো পার্টনারস (ডিপিবি) ও পরিপ্রেক্ষিত আন্তরিকভাবে আপনাকে দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক কর্মশালায় আমন্ত্রণ জানাচ্ছে।’ প্রতিবাদপত্রে ডিপিকোর পাঁচটি পার্টনার সংগঠনের কথা বলা হয়েছে। কিন্তু আমন্ত্রণপত্রে ছিল ছয়টি সংগঠনের নাম ও লোগো এবং সঙ্গে পরিপ্রেক্ষিতের লোগোও। পরিপ্রেক্ষিতের লোগোর পাশেও মিডিয়া পার্টনার লেখা ছিল না। গতকাল এ বিষয়ে জানতে চাইলে অ্যাকশনএইড বাংলাদেশ, কনসার্ন ইউনিভার্সেল বাংলাদেশ, রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি এবং প্ল্যান বাংলাদেশ-এর সংশ্লিষ্ট কর্মকর্তার প্রথম আলোকে জানিয়েছেন, ডিপিকো প্রকল্পের আওতায় গত ৫ অক্টোবরের ওই কর্মশালাটি হয়েছিল। তবে কর্মশালাটি আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিপ্রেক্ষিতকে।