প্রকাশিত সংবাদ সম্পর্কে বিএসএমএমইউর বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে গত ২৪ জুন ‘বঙ্গবন্ধু মেডিকেলে এক দিন—রোগী ফেলে কর্মশালায় গেলেন ৩৬ চিকিৎসক’ এবং ৩০ জুন ‘সময় মেনে চলছেন না চিকিৎসকেরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) মো. আবদুল মজিদ ভূঁইয়া। দুটি সংবাদ সম্পর্কেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথক বক্তব্য দিয়েছে।গত ২৪ জুনের সংবাদের প্রতিবাদে পরিচালক বলেছেন, ২৩ জুন ১৭ জন চিকিৎসক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মশালায় যোগ দিতে যান। একই সংবাদ সম্পর্কে জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত কর্তৃপক্ষের বক্তব্যে বলা হয়েছে, হাজিরা খাতায় উপস্থিতির সই থাকলেও ৩৬ চিকিৎসককে সারা দিনে কর্মস্থলে পাওয়া যায়নি—এই তথ্য সঠিক নয়। ওই বিষয়ে গঠিত তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে ওই দিন ১৭ জন চিকিৎসক বিভাগীয় প্রধান অধ্যাপক এম কে আনোয়ার হোসেনের অনুমতি নিয়ে কর্মশালায় যোগদান করেন। দুজন কেয়ার হাসপাতালে ও ১৫ জন বারডেম হাসপাতালে। অনুপস্থিত সবাই কেয়ার হাসপাতালে গিয়েছিলেন, এই তথ্যও ঠিক নয়। অনুমতি ছিল বলে এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।প্রতিবেদকের বক্তব্য: গত ২৩ জুন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে সরেজমিনের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল শিক্ষক-চিকিৎসকেরা পৃথক দুটি কর্মশালায় যোগ দিতে গিয়েছেন। প্রতিবেদন প্রকাশের নয় দিন পর পাঠানো প্রতিবাদপত্রে বিএসএমএমইউ কর্তৃপক্ষ দাবি করেছে, অনুমতি নিয়ে ১৭ জন চিকিৎসক কর্মশালায় গিয়েছিলেন। কিন্তু ২৩ জুন বিভাগীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন এই প্রতিবেদককে জানান, দুজন চিকিৎসক মৌখিক অনুমতি নিয়ে কর্মস্থল ছেড়ে গেছেন। উপাচার্য প্রাণ গোপাল দত্ত জানান, তাঁর কাছে কেউ অনুমতি নেননি। ৩০ জুনের সংবাদের প্রতিবাদে পরিচালক মো. আবদুল মজিদ ভূঁইয়া বলেছেন, প্রতিবেদনটি মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ছাপানো হয়েছে। বহির্বিভাগে ৭০টি কক্ষে রোগী দেখা হয়, নানা অসুবিধার কারণে দু-চারজন চিকিৎসকের কর্মস্থলে আসতে কিছুটা বিলম্ব হতে পারে। জ্যেষ্ঠ চিকিৎসকেরা সকালে ক্লিনিক্যাল সেশনে নবীনদের শিক্ষাদান করেন বলে নিজের কক্ষে উপস্থিত থাকতে পারেন না। পরিচালক আরও বলেছেন, ১৯, ২০ ও ২১ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা ও নিয়োগ বোর্ডে তিনি কর্তব্যরত ছিলেন। কাজেই চেয়ারে না থাকলেও তিনি উপস্থিত ছিলেন। একই সংবাদ সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ‘প্রকাশিত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে।’প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর দুজন প্রতিবেদক ১৬ থেকে ২৭ জুন পর্যন্ত চিকিৎসকদের উপস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের কাছ থেকে তথ্য নিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে প্রতিবেদন লেখা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত বা বিএসএমএমইউর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নয়।