সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত ‘খুনের পরিকল্পনায় খুলনা আওয়ামী লীগের চার নেতা’ শিরোনামের সংবাদটিসহ কয়েকটি প্রতিবেদন সম্পর্কে আপত্তি তুলেছে খুলনা আওয়ামী লীগ। এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রকাশিত সংবাদের কারণে দেশ-বিদেশে দলের এবং ব্যক্তিপর্যায়ে সম্মান ক্ষুণ্ন হয়েছে।গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে মহানগর ও জেলা আওয়ামী লীগ যৌথভাবে সংবাদ সম্মেলন আহ্বান করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র তালুকদার আবদুল খালেক।লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৯ সালের ১২ জুলাই যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য, খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সর্বোচ্চ ভোটে নির্বাচিত কাউন্সিলর শহীদ ইকবাল বিথারকে সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি করে হত্যা করে। দলীয়ভাবে সব নেতা-কর্মী বিথার হত্যার বিচার চেয়ে গঠনমূলক আন্দোলন করে আসছেন। সংগঠনের পাশাপাশি খুলনা সিটি করপোরেশনের মেয়র কাউন্সিলরদের নিয়ে আন্দোলন করেছেন। এ মামলায় গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ পুলিশকে কোনো সুপারিশ করেননি বা মামলা প্রভাবিত করেননি। কিন্তু এ মামলাটিকে পুঁজি করে একটি বিশেষ মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, প্রথম আলোয় প্রকাশিত সংবাদের মধ্য দিয়ে যার প্রতিফলন ঘটেছে। প্রথম আলো আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে টেন্ডারবাজির যে সংবাদ ছেপেছে, তাতেও আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আবদুল খালেক বলেন, ‘আমার মৃত্যুর আগপর্যন্ত আমি বিথার হত্যার বিচার চাইব। তদন্তে যদি আমার নামও আসে, তাহলেও আমি পিছপা হব না। সঠিক তদন্তের মাধ্যমে দলের যার নামই আসুক তাঁর বিচার হতে হবে।সংবাদ সম্মেলনে বলা হয়, বিথার হত্যা মামলার তদন্তকাজ এখনো শেষ হয়নি। পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়েছে, যা পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়া কেউ জানে না। এটা কারোরই জানা বা পাওয়ার কথা নয়। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ‘প্রথম আলোর সাংবাদিক তদন্তকালীন মামলার ১৬৪ ধারার জবানবন্দি পেলেন কীভাবে? আমরা মনে করি, এটা শুধু আওয়ামী লীগ ও কতিপয় নেতাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্যই প্রথম আলো এ সংবাদ প্রকাশ করেছে, যা তথ্য অধিকার আইনের পরিপন্থী। তথ্য অধিকার আইনের দ্বিতীয় অধ্যায়ের তথ্য অধিকার, তথ্য সংরক্ষণ, প্রকাশ ও প্রাপ্তি অনুচ্ছেদের ৭ ধারার বিভিন্ন উপধারায় যা স্পষ্ট রয়েছে। তথ্য অধিকার আইনের এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক, বার্তা সম্পাদক ও রিপোর্টার শুধু আইন অমান্য করেননি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের ভাবমূর্তি দেশে-বিদেশে ক্ষুণ্ন করেছেন।’সংবাদ সম্মেলনে বলা হয়, ‘প্রথম আলো প্রতিবাদ ছাপানোর পাশাপাশি প্রতিবেদকের বক্তব্য দিয়েছে। যেখানে বলা হয়েছে, আসামিরা ১৬৪ ধারায় যে বক্তব্য দিয়েছে, তার ভিত্তিতেই এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সূত্রের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে আমাদের বক্তব্য হচ্ছে, আইনের দৃষ্টিতে শুধু ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ডকৃত কোনো জবানবন্দির ভিত্তিতে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক ওই ব্যক্তি চূড়ান্তভাবে দোষী প্রমাণিত না হবে। আমরা ইতিপূর্বে লক্ষ করেছি, পত্রিকাটিতে প্রমাণ ছাড়াই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে শেখ সোহেলকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে শেখ সোহেলের কোনো সম্পৃক্ততা নেই এবং যার কোনো ভিত্তি নেই।’সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ‘৪ অক্টোবর প্রথম আলোতে জলদস্যু মুক্তা এবং শিবির নেতা নুরুকে আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, মোহাম্মদ হোসেন মুক্তা একজন জনপ্রতিনিধি। খুলনা সিটি করপোরেশনে ১৯৯৪ সাল থেকে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। একজন জনপ্রতিনিধি দলে যোগদান করতে চাইলে দল বিবেচনা করে ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর যোগদানের ব্যবস্থা করেছে। তাঁর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। অন্যদিকে নুরু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছাত্রজীবনে তিনি কোন ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন, সেটা আমাদের বিবেচ্য নয়। প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী দলে যোগদান করতে চেয়েছেন, দল যাচাই-বাছাই করে তাঁকে দলে নিয়েছে।’মেয়র খালেক বলেন, বিচারের আগেই উদ্দেশ্যমূলকভাবে নেতা-কর্মীদের জড়িয়ে যে সংবাদ ছাপা হয়েছে, তা মানা যায় না। এ সংবাদে শুধু নেতা-কর্মী নন, দলেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকাশিত সংবাদের বিষয়ে দলের পক্ষ থেকে মামলা করা হবে না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে পারেন।জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, ‘অভিযোগপত্র দেওয়ার আগে এভাবে ছবি দিয়ে আমাদের দলের নেতা-কর্মীদের নামে সংবাদ প্রকাশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বিথার হত্যার বিচার আমরা চাই। এই মামলার তদন্তের স্বার্থে আমরা পুলিশকে কোনোভাবেই প্রভাবিত করিনি। সঠিক তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হোক। আমরা তা মেনে নেব। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে পত্রিকায় সংবাদ প্রকাশ করা নেতা-কর্মীরা মেনে নিতে পারেন না।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা, সাংসদ নূর আফরোজা আলী, নগর আওয়ামী লীগের সহসভাপতি ও খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, জেলা আওয়ামী লীগের নেতা গাজী আবদুল হাদী, প্যানেল মেয়র আজমল আহমেদ, রূপসা উপজেলা চেয়ারম্যান আলী আকবর, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহ্বায়ক ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান পপলুসহ শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের বিপুল নেতা-কর্মী।