প্রকাশিত সংবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘আগাম বার্তা থাকলেও ব্যবস্থা নেয়নি সরকার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার পাঠানো প্রতিবাদে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। সাত দিনের সময়সীমা দেওয়ার খবরটিও কল্পনাপ্রসূত।প্রতিবাদে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বিভিন্ন সূত্র থেকে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে, যা তাদের নিয়মিত কর্মপদ্ধতিরই অংশ। বিশেষ কোনো নির্দেশনা থাকলে সরকার সেভাবে তাদের অবগত করে।সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই প্রক্রিয়া অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের যথাসময়ে সব প্রয়োজনীয় নির্দেশনা অব্যাহতভাবে দেওয়া হয়েছে। গৃহীত ব্যবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সময় সময় প্রতিবেদন চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ তা যথানিয়মে পাঠিয়ে থাকে, যা স্বাভাবিক সরকারি কর্মধারারই অংশ। সম্প্রতিও এ ধরনের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।প্রতিবাদে আরও বলা হয়, সম্প্রতি ৪০ জন জেলা প্রশাসক তাঁদের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে একটি কল্পনাপ্রসূত সংবাদ প্রথম আলোর মতো খ্যাতিসম্পন্ন পত্রিকায় প্রকাশিত হয়, যা পত্রিকাটির বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে আমরা মনে করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সংবাদের তথ্যসমূহ নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্র থেকে পাওয়া। এরপর তা যথাযথ কর্তৃপক্ষ থেকে যাচাই করে সংবাদটি প্রকাশ করা হয়েছে।জেলা প্রশাসকদের নিরাপত্তা চেয়ে চিঠিবিষয়ক সংবাদটি সত্য। যথাযথভাবে যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ ছাড়া ওই সব চিঠি প্রথম আলোর কাছে আছে। সংবাদটি প্রকাশের পর এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের ব্যাখ্যাও প্রথম আলো ছেপেছে।