প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে পরিবেশ মন্ত্রণালয়
প্রথম আলোয় গতকাল প্রকাশিত ‘বনের কাঠ, মনের মতো ভাগবাটোয়ারা’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই ১৮ বছর ধরে চলা পারমিট ও নিলামে কাঠ দেওয়ার ব্যবস্থা নির্বাহী আদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত তা চালু করার কোনো নির্দেশ সরকার দেয়নি। ফলে বন বিভাগের জব্দ করা কাঠ কারও নামে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। বরাদ্দের কোনো উদ্যোগও নেওয়া হয়নি।’প্রতিবাদে আরও বলা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনগণকে সম্পৃক্ত করাসহ বন মন্ত্রণালয়ের বিভিন্নমুখী পদক্ষেপে গাছ চুরির ঘটনা কমেছে। ফলে কমছে কাঠ জব্দ করার ঘটনাও। ফলে নিলামমূল্যে কাঠ প্রদানের চাহিদা বেশি থাকা সত্ত্বেও সে পরিমাণ কাঠ না পাওয়ায় বরাদ্দের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। কাঠ সংকটের কারণে নিলামমূল্যে কাঠ প্রদানের বিধানটি আর কখনোই চালু করার সম্ভাবনা থাকবে না বলেও মন্ত্রণালয় পত্রে উল্লেখ করেছে। প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত খবরেই মন্ত্রণালয়ের এই বক্তব্য (কাঠ বরাদ্দ বন্ধ) সচিব মিহির কান্তি মজুমদারের জবানিতে ছিল। তবে পারমিট ও নিলাম বন্ধ থাকার পরও কেন বরাদ্দের নতুন নীতিমালা করা হচ্ছে—প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে সচিব বলেছিলেন, ‘নীতিমালা হালনাগাদ করা হয়েছে মাত্র।’ তাঁর এই বক্তব্যও প্রতিবেদনে ছাপা হয়েছে। নীতিমালাটি সরকারি সংস্থা বিজি প্রেসের ওয়েবসাইটেও পাওয়া যায়।