প্রকাশিত সংবাদের সংশোধনী
‘হত্যা মামলার আসামির বাড়িতে দাওয়াত খেলেন বিচারক!’ শীর্ষক একটি প্রতিবেদন গতকাল সোমবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বিচারক মুর্শেদ আল মামুন ভূঁইয়া আসামিদের বাড়িতে দাওয়াত খেয়েছেন বলে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে মোখছেদুর রহমান ওরফে আবিরের ছোট ভাইয়ের সঙ্গে রাজা চাপিতলা বাসস্ট্যান্ড এলাকার একটি চা-দোকানে চা খেয়েছেন বিচারক। ওই বাড়িতে যাননি। এদিকে চলতি বছরের ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত মনির হোসেন হত্যা মামলার ১৩ আসামিকে ওই মামলা থেকে অব্যাহতি দেন। তবে আদালতের ওই আদেশের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টে গত ২০ জুন ফৌজদারি রিভিশন দাখিল করেন বাদী। জানতে চাইলে মামলা থেকে অব্যাহতিপ্রাপ্ত প্রধান আসামি মোখছেদুর রহমান ওরফে আবির গতকাল সোমবার রাতে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ঈদের দিন আমার সঙ্গে ওই বিচারকের দেখা হয়নি। আমি নামাজ পড়েই এলাকা থেকে ঢাকায় চলে আসি। আমার ছোট ভাইয়ের সঙ্গে রাজা চাপিতলা বাসস্ট্যান্ড এলাকায় ওই বিচারকের দেখা হয়। সেখানে তাঁরা চা খেয়েছেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ ভূঁইয়া আমার বিরুদ্ধে চক্রান্ত করে ওই হত্যা মামলা দায়ের করেছেন।’ অভিযোগ প্রসঙ্গে ৮ নম্বর চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ ভূঁইয়া বলেন, ‘বিচারক মোখছেদুর রহমানের বাড়িতে দাওয়াত খাচ্ছেন, ওই খবর এলাকার মানুষের মধ্যে রটে যায়।’