প্রকাশিত হলো প্রমিত বাংলা ব্যাকরণ
কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে মন্তব্য করেন, ‘এ পর্যন্ত বাংলা ভাষার যে ব্যাকরণ লেখা হয়েছে তা হয় সংস্কৃত ব্যাকরণের আদলে, নতুবা লাতিন ব্যাকরণের অনুসরণে। এ দুই পদ্ধতিই বাংলা ভাষার বিজ্ঞানসম্মত বিচার-বিশ্লেষণের পর্বে যথাযথ নয়।’ বিশিষ্ট বিজ্ঞান লেখক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, সাহিত্যসাধক হরপ্রসাদ শাস্ত্রী, দীনেশচন্দ্র সেন প্রমুখ রবীন্দ্রনাথের সঙ্গে মতৈক্য পোষণ করেছিলেন। তাঁরা বলেছিলেন, বাংলা ভাষার স্বকীয় ব্যাকরণ চাই। এত দিনে সেই অভাব পূরণ করা হলো। প্রমিত বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক ব্যাকরণ প্রণয়ন করেছে বাংলা একাডেমী। সংস্কৃতশাসিত ব্যাকরণের বিপরীতে বাংলা ভাষার নিজস্ব ব্যাকরণের অপূর্ণতা দূর করার লক্ষ্যে বাংলা একাডেমী পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সহযোগিতায় দুই খণ্ডে এই প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রণয়ন ও প্রকাশ করেছে। ঐতিহাসিক এ ব্যাকরণগ্রন্থ সম্পাদনা করেছেন বাংলাদেশের অধ্যাপক রফিকুল ইসলাম এবং পশ্চিমবঙ্গের অধ্যাপক পবিত্র সরকার। গতকাল শনিবার বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে এই ব্যাকরণগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করেন অধ্যাপক শফিউল আলম, হাকিম আরিফ, হাকিম আরিফ। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহীত উল আলম।প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ-এর স্বরূপ বর্ণনা করে এর অন্যতম সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, এটি প্রচলিত ব্যাকরণ থেকে আলাদা। কারণ, প্রচলিত ব্যাকরণটি সংস্কৃত ভাষার আদলে করা। তিনি বলেন, ‘আমাদেরটি আঞ্চলিক বা উপভাষার ব্যাকরণ নয়; সাধু বা চলিত ভাষারও নয়।’ একাডেমীর উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ জানান, ৫৩০ এবং ৪০০ পৃষ্ঠার দুটি খণ্ড একটি বক্স আকারে বাজারে ছাড়া হবে। গ্রন্থটির মূল্য এক হাজার টাকা। ব্যাকরণগ্রন্থটির প্রচ্ছদ করেছেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।