প্রকাশিত হলো ‘মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে দেখা যায়, সরকার বদলের সঙ্গে সঙ্গে পাঠ্যবইয়ের ইতিহাসও বদলে যায়। তাই প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে তরুণ প্রজন্ম পর্যন্ত সবার কাছে সঠিক ইতিহাস অজানাই থেকে যায়। সে জন্য তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রকাশিত হলো বিশিষ্ট গবেষক ও সাংবাদিক গোলাম মুরশিদের লেখা মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস নামের বইটি। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, লেখক গোলাম মুরশিদ ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।সিরাজুল ইসলাম বলেন, পড়তে বসে সব বই একটানে শেষ করা যায় না। কিন্তু এ বইটি টেনে নিয়ে যায়। লেখক বইয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে অনেক সাহসের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।সিরাজুল ইসলাম বলেন, বইটিতে মুক্তিযুদ্ধে যোদ্ধাদের এবং যাদের জন্য যুদ্ধ করা হয়েছে, তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, সে বিষয়টি নিয়ে লেখক নিজেই হতাশা প্রকাশ করেছেন। লেখকের মতে, অনেক প্রত্যাশা প্রত্যাশাই রয়ে গেছে। বইটিতে গোলাম মুরশিদ দেশের বিশিষ্ট ব্যক্তিদের সাফল্য ও দুর্বলতা তুলে ধরেছেন। তিনি বঙ্গবন্ধুর যেমন প্রশংসা করেছেন, তেমনি তাঁর দুর্বলতার দিকটিও তুলে ধরেছেন।সিরাজুল ইসলাম বলেন, যে জায়গা থেকে মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছিল এবং যেখানে শত্রুবাহিনী আত্মসমর্পণ করে, সেই রমনার নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়। এই নাম রাখা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নাম পাল্টাতে হলে এর নাম স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে রাখা যেত।গোলাম মুরশিদ বলেন, ইতিহাস লেখা আর বিচারকের আসনে বসা প্রায় একই রকম। ইতিহাস কাউকে ক্ষমা করে না। তিনি বলেন, ‘পক্ষপাতহীন থেকেই থেকে বইটি লেখার চেষ্টা করা হয়েছে। তবে এতে শতভাগ সত্য তথ্য দিতে পেরেছি, এমন কোনো ব্যাপার নেই।’মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস বইটিতে দেশ বিভাগ, ভাষা আন্দোলন, স্বাধীনতার পটভূমি থেকে শুরু করে এরশাদের শাসনামলের কিছুটা সময় পর্যন্ত ইতিহাসের উল্লেখ করা হয়। একই সঙ্গে এ বইয়ে স্বপ্ন ও বাস্তবতা, নক্ষত্রের পতন এবং শেষ অধ্যায়টির নাম দেওয়া হয় প্রথম বাংলাদেশ ও শেষ বাংলাদেশ।২৬৩ পৃষ্ঠার বইটিতে ৪২টি ছবি দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে বইটি পড়ার আহ্বান জানান লেখক।মতিউর রহমান বলেন, আজকের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজ বঙ্গবন্ধুর হত্যার বিচারের সর্বোচ্চ রায় দেওয়া হয়েছে। আর আজ এই বইয়ের আলোচনায় বারবার বঙ্গবন্ধুর বিষয়টি উঠে এসেছে। এই বই লিখতে গিয়ে অনেক পরিশ্রমের জন্য প্রথমার পক্ষ থেকে লেখকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।সৈয়দ আনোয়ার হোসেন বলেন, প্রশিক্ষিত ব্যক্তিরা ইতিহাস লিখবেন। ইতিহাস লেখা সবার কাজ নয়। তিনি বইটির বিভিন্ন অসংগতি, ভুল ও বৈপরীত্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি প্রকাশনী সংস্থাগুলোর প্রতি ভালো ও মননশীল বই প্রকাশের এবং প্রচারের আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতে ও শেষে মাহমুদুজ্জামান বাবু তিনটি গান ও জাহিদ রেজা নূর একাত্তরের চিঠি থেকে একটি চিঠি পড়ে শোনান। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন অরুণ বসু। জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি থেকে বইটির বিপণন শুরু হবে।