প্রকাশিত হলো ‘স্রোতস্বিনী ভালোবাসা’
অমর একুশে গ্রন্থমেলায় ‘স্রোতস্বিনী ভালোবাসা’ নামের একটি আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়েছে। সম্প্রচার খামারের ব্যানারে কবিতা কনসার্ট সিরিজের এই অ্যালবামটিতে আবৃত্তি করেছেন শুভ অঙ্কুর ও ফাতেমা-তুজ-জোহরা। এতে মোট ১০টি কবিতা আবৃত্তি করেছেন তাঁরা। অধিকাংশ কবিতাই প্রেমবিষয়ক। অ্যালবামটিতে দুই বাংলার জনপ্রিয় কবিদের কবিতা আবৃত্তি করা হয়েছে।প্রেমের কবিতার শ্রুতি অ্যালবাম ‘স্রোতস্বিনী ভালোবাসা’র মোড়ক উন্মোচিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি শান্তনু চৌধুরী, আবৃত্তিকার শিমুল মুস্তাফা ও সম্প্রচার খামারের স্বত্বাধিকারী শামসউজজোহা।শক্তি চট্টোপাধ্যায়ের ‘এবার হয়েছে সন্ধ্যা’ দিয়ে অ্যালবামটির শুরু। একক ও দ্বৈত কণ্ঠের আবৃত্তিতে জয় গোস্বামী, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মহাদেব সাহা, জায়িদ হোসেন তানু, পূর্ণেন্দু পত্রী ও শান্তনু চৌধুরীর কবিতা রয়েছে। স্রোতস্বিনী ভালোবাসার শব্দ সম্পাদনা করেছেন খান চঞ্চল এবং প্রচ্ছদ করেছেন রকিবুল হক। বইমেলার বিভিন্ন স্টলে অ্যালবামটি পাওয়া যাবে।