প্রকাশ্য কর্মসূচিতে ফিরছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাগোপ্তা মিছিল এবং পুলিশের ওপর আক্রমণের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। দলটি এবার আগাম ঘোষণা দিয়ে ৩ ডিসেম্বর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর সড়কে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তার আগে দলের পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সমাবেশের ঘোষণা দেওয়া হতে পারে।জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা দলটির এই কর্মসূচি সম্পর্কে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকেও চোরাগোপ্তা কর্মসূচি বাদ দিয়ে সভা-সমাবেশের মতো প্রকাশ্য কর্মসূচি নিয়ে মাঠে নামতে জামায়াতকে বলা হয়েছে বলে দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে।জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম (মাসুদ) প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমরা বরাবরই ঘোষণা দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু গত দুই বছর ধরে এ ক্ষেত্রে পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েও পাইনি। এবার আশা করছি, তাঁদের সহযোগিতা পাব।’পুলিশ সমাবেশের অনুমতি না দিলে জামায়াত কী করবে, এ প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি না পুলিশ অসহযোগিতা করবে।’সর্বশেষ গত বছরের ৫ মে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় জামায়াত। পুলিশ লাঠিপেটা করে সেই কর্মসূচি পণ্ড করে দিয়েছিল।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষস্থানীয় নয়জন নেতার মুক্তির দাবিতে ৫ নভেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় মিছিল বের করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান জামায়াত-শিবিরের কর্মীরা। এরপর একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ প্রায় ২২টি জেলা শহরে পুুলিশের ওপর সহিংস আক্রমণ চালান দলটির কর্মীরা। এতে পুলিশের অনেক সদস্য আহত হন।জামায়াতের সূত্র জানায়, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া হওয়ায় দলটি আপাতত ‘মারমুখী’ কৌশল পরিবর্তন করেছে। বিএনপির শীর্ষস্থানীয় পর্যায় থেকেও ‘চোরাগোপ্তা কর্মসূচি’ থেকে সরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।গতকাল বিএনপির ডাকা সংবাদ সম্মেলনের বক্তৃতায়ও দলটির এ মনোভাব প্রকাশ পায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, সরকার জামায়াতের সভা-সমাবেশ ও মিছিল করার বৈধ রাজনৈতিক অধিকারে বাধা দিচ্ছে। যতক্ষণ জামায়াত বৈধ রাজনৈতিক দল হিসেবে আছে, ততক্ষণ তাদের সভা-সমাবেশ করতে দিতে হবে। তখন যদি তারা পুলিশের ওপর হামলা চালায়, সে ক্ষেত্রে জামায়াত-শিবিরের পক্ষে থাকবে না বিএনপি।অবশ্য, জামায়াতের একাধিক নেতা দাবি করেন, বিনা উসকানিতে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পণ্ড করে দিচ্ছে পুলিশ। তাঁরা বলেন, ‘৩ ডিসেম্বরের সমাবেশ প্রমাণ করবে, কে কার ওপর হামলা চালায়।’এদিকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আগামী ৩ ডিসেম্বর সব মহানগর, জেলা, উপজেলায় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান। এতে ঢাকার সমাবেশের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। দলের শীর্ষস্থানীয় নেতাসহ অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে তাঁদের বিনা শর্তে মুক্তির দাবি এবং সরকারের দুঃশাসন ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।