প্রকাশ্যে এসআইকে মারধর করলেন শিবিরকর্মী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে প্রকাশ্যে মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিনকে বেদম পিটিয়েছেন ছাত্রশিবিরের এক কর্মী। এ ঘটনায় ফাইজুল কবির (২৫) নামে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও আহত এসআই মো. জহির উদ্দিন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিহত দুই নেতার খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বিকেলে ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিপণিবাগ বাজার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শিবিরের এক কর্মী এসআই জহিরের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁর মুখে ও বুকে বেদম কিল-ঘুষি মেরে আহত করে পালিয়ে যান।পরে তাঁকে সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের এক কর্মীকে আটক করেছে।এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ হামলাকারী ওই শিবিরকর্মীসহ অন্যান্য নেতা-কর্মীকে হন্যে হয়ে খুঁজছে বলে জানা গেছে।