প্রকাশ্যে কাস্ত্রো
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো (৮৬) বেশ কয়েক মাস পর গত শনিবার জনসমক্ষে হাজির হয়েছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে তা জানানো হয়েছে।২০০৬ সালে কাস্ত্রোর ভাই রাহুল কাস্ত্রো কিউবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। এর পর থেকে কাস্ত্রোর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি যোগাযোগের সামাজিক মাধ্যমে খবর রটে, ফিদেল কাস্ত্রো মৃত্যুশয্যায়। তিনি মারা গেছেন বলেও গুঞ্জন ওঠে। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে বের হলেন কাস্ত্রো।রাজধানী হাভানার এক হোটেলের একজন শীর্ষ কর্মকর্তা জানান, গত শনিবার ওই হোটেলে ভেনেজুয়েলার এক শীর্ষ রাজনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন কাস্ত্রো।হোটেলটির পরিচালক অ্যান্তোনিও মার্তিনেজ জানান, কাস্ত্রোকে খুব আনন্দিত ও হাস্যোজ্জ্বল দেখেছেন তিনি। কাস্ত্রোর সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করে ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জয়া জানান, কাস্ত্রোর সঙ্গে পাঁচ ঘণ্টা ধরে বৈঠক করেছেন তিনি। এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা কৃষি, ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পাঁচ ঘণ্টা কথা বলেছি। ফিদেল বেশ ভালো আছেন, সুস্থ আছেন।’ভেনেজুয়েলার ওই রাজনীতিবিদ কাস্ত্রোর সঙ্গে তাঁর তোলা একটি ছবিও দেখিয়েছেন সাংবাদিকদের। চলতি বছরের মার্চে পোপ ষোড়শ বেনেডিক্টের কিউবা সফরের সময় কাস্ত্রোর সর্বশেষ ছবি জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল।এক বিপ্লবের মাধ্যমে ১৯৫৯ সালে কিউবার ক্ষমতায় আসেন কাস্ত্রো। তখন থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাম্রাজ্যবাদবিরোধী এই বিপ্লবী। কাস্ত্রোর স্বাস্থ্যগত সমস্যার কারণে ২০০৬ সালে তাঁর ভাই রাহুল কিউবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে ভাই রাহুলের কাছে কিউবার ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল।