প্রকাশ্যে নারী হত্যার প্রতিবাদে আফগানদের বিক্ষোভ
ব্যভিচারের অভিযোগে আফগানিস্তানে নাজিবা নামের এক নারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার পর ভিডিও করার তীব্র প্রতিবাদ জানিয়েছে আফগান মানবাধিকার কর্মীরা। আজ বুধবার নারী মানবাধিকার কর্মীরা এর প্রতিবাদে ব্যানার নিয়ে আফগানিস্তানের রাস্তায় নেমে আসেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ‘আমরা ন্যায়বিচার চাই’ স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে নারী মানবাধিকার কর্মীরা মহিলা-বিষয়ক মন্ত্রণালয়ের সামনে থেকে প্রেসিডেন্ট হামিদ কারজাইর কার্যালয়ের দিকে যান। সেখানে তাঁদের নিরাপত্তা কর্মীরা ব্যারিকেড দিলে তাঁরা চিত্কার করে বলতে থাকেন, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের যথাযথ পদক্ষেপ নিতে হবে।মানবাধিকার কর্মীদের ওই মিছিলে অংশ নেওয়া পার্লামেন্টের সদস্য শিনকাই কারোখাইল বলেন, ‘ওই নারীকে প্রকাশ্যে হত্যা করে তালেবানরা অপরাধ করেছে। ওই অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য যা প্রয়োজন সরকারকে তা-ই করতে হবে। ন্যায়বিচার করা সরকারের দায়িত্ব।’প্রতিবাদকারীদের ওই মিছিলে শাহার গুলও ছিলেন। অল্প বয়সে বিয়ে হওয়া শাহার গুলকে তাঁর স্বামীর পরিবার জোর করে পতিতাবৃত্তি করানোর জন্য চাপ প্রয়োগ করে। এর বিরোধিতা করায় তাঁর ওপর নেমে আসে নির্যাতনের খড়গহস্ত। বিষয়টি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়। দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই নাজিবা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটা অনৈসলামিক এবং অমানবিক ঘটনা।’ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে সরকার।এদিকে, ওই অপরাধীকে গ্রেপ্তার করতে স্থানীয় নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করবে বলে প্রস্তাব দিয়েছেন আফগানিস্তানে ন্যাটো কমান্ডার জেনারেল জন অ্যালেন।সম্প্রতি একটি ভিডিও চিত্রে দেখা গেছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্শ্ববর্তী পারওয়ার প্রদেশের শিনওয়ারি জেলার কিমচক গ্রামে ব্যভিচারের অভিযোগে নাজিবা নামের ওই নারীকে প্রকাশ্যে ১৩টি গুলি করে হত্যা করে তালেবান এক সদস্য।
ভিডিওচিত্রে দেখা গেছে, ওই নারীকে শাল দিয়ে বেঁধে ধুলোবালির মধ্যে হাঁটু গেঁড়ে বসিয়ে রাখা হয়েছে। পাশেই গ্রামবাসী দাঁড়িয়ে এ ঘটনা দেখছে। কিছুক্ষণ পরে পাগড়ি পরা এক ব্যক্তি ওই নারীর কাছে গিয়ে স্বয়ংক্রিয় একটি বন্দুক দিয়ে মাথায় ১৩টি গুলি করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই নারী। পরে তাঁর মরদেহ পাশে ফেলে রাখা হয়। এ সময় আশপাশের শ দেড়েক লোক উল্লাস প্রকাশ করে। অনেকে বলে ওঠেন, ‘দীর্ঘজীবী হও আফগান মুজাহিদরা!’ভিডিওচিত্রে দেখা গেছে, বন্দুকধারী ব্যক্তি ওই নারীর কাছাকাছি হওয়ামাত্র আরেক ব্যক্তি বলে ওঠেন, ‘আল্লাহ আমাদের ব্যভিচার থেকে দূরে থাকতে বলেছেন। কেননা, এটা ভুল পথ।’ তিনি আরও বলেন, ‘আমরা তাঁকে ক্ষমা করতে পারি না। কারণ, ব্যভিচারের শাস্তি হবে—এটা আল্লাহরই নির্দেশ।’এ প্রসঙ্গে প্রাদেশিক গভর্নর বাসির সালাঙ্গি বলেছিলেন, গত শনিবার ভিডিও রেকর্ডটি তাঁদের হাতে আসে। তবে ঘটনাটি ঘটেছে এক সপ্তাহ আগে। প্রদেশের শিনওয়ারি জেলার কিমচক গ্রামে এ ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনার পর ওই এলাকায় সরকারের তেমন কোনো ভূমিকা দেখা যায়নি। অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজ করা হচ্ছে। তবে ওই হত্যাকারীসহ তালেবানরা ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।বাসির সালাঙ্গির মুখপাত্র রোশনা খালিদ বলেন, ২২ বছর বয়সী নাজিবা কোনো অপরাধ করেননি। তালেবান এক সদস্যের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু আরেক তালেবান কমান্ডার তাঁর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করেন নাজিবাকে। এর ঠিক এক ঘণ্টা পরেই তালেবানরা সিদ্ধান্ত নেয় যে নাজিবা অপরাধী এবং তাঁর মৃত্যুদণ্ড হওয়া উচিত। তাই জনসমক্ষে তাঁকে গুলি করে হত্যা করে।স্থানীয় সাংবাদিকেরা বলছে, গুলি করা ওই ব্যক্তি নাজিবার স্বামী। কিন্তু রোশনা খালিদ বলছেন, তিনি আসলে নাজিবার স্বামীর আত্মীয়।