প্রকাশ্যে বিষাক্ত প্রক্রিয়ায় কলা পাকাচ্ছেন ব্যবসায়ীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক এখন কলার হাটে পরিণত হয়েছে। একদিকে প্রতিদিন কলা কেনাবেচার ধুম, অন্যদিকে কলার কাঁদিতে স্প্রে করা হচ্ছে বিষাক্ত রাসায়নিক দ্রব্য। সঙ্গে সঙ্গে এসব কলা ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। স্প্র্রে করা এসব কলা গন্তব্যে পৌঁছাতেই পেকে যায়। এসব কলা খেয়ে মানুষ গ্যাস্ট্রিক, আমাশয়, পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। মহাসড়কের ওপর প্রকাশ্যে বিষাক্ত প্রক্রিয়ায় কলা পাকানো হলেও দেখার কেউ নেই।সরেজমিনে দেখা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত মহাসড়কের ৩২ কিলোমিটার অংশের বেশির ভাগ স্থানে কলার হাট বসছে। দীর্ঘদিন ধরে প্রতিদিন সকালে মহাসড়কের দুই ধারে কলা কেনাবেচা শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। মহাসড়কের ওপর কলাতে স্প্র্রে করে ট্রাকে লোড করা হচ্ছে। পলাশবাড়ী আদর্শ কলেজের অধ্যাপক শামিকুল ইসলাম বলেন, প্রশাসনকে ম্যানেজ করে দিবালোকে বিষাক্ত প্রক্রিয়ায় কলা পাকাচ্ছেন ব্যবসায়ীরা। এসব কলা খেয়ে মাবনদেহের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মহাসড়কে লোড-আনলোড করায় অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফেরদৌস বলেন, প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ সঠিক নয়। মহাসড়কে স্প্রে করে কলা পাকানো হচ্ছে ঠিক। কিন্তু অভিযান চালানোর আগেই কলার ব্যবসায়ীরা খবর পেয়ে যান। ফলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কলা বেচাকেনার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় মহাসড়কে হাট বসছে।স্থানীয় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী স্প্রে-মেশিনের মাধ্যমে কলাতে বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশাচ্ছেন। কাঁচা কলার কাঁদিতে তুঁত (কপার সালফেট) মেশানো পানি ও ক্যালসিয়াম কার্বাইড প্রভৃতি তরল রাসায়নিক দ্রব্য ব্যবহার করছেন। সাদুল্যাপুর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক জহুরুল কাইয়ূম বলেন, কার্বাইড নামের একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হলে কাঁচা ফল দ্রুত পেকে যায়। এ প্রক্রিয়ায় পাকানো ফলে দ্রুত পচন ধরে। সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, বিষাক্ত প্রক্রিয়ায় পাকানো কলা খেলে আমাশয়, গ্যাস্ট্রিকসহ মানুষের পেটের পীড়া হতে পারে। এমনকি পরিপাকতন্ত্র, হাঁড় ও দাঁতের ক্ষতির আশঙ্কা রয়েছে।এসব কলা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বাজারে এখন আর প্রাকৃতিক উপায়ে পাকানো কলা নেই বললেই চলে। অথচ বিষাক্ত দ্রব্য ব্যবহার রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং ব্যাপকহারে বাজারজাত করা হচ্ছে। পলাশবাড়ী উপজেলার দীঘলকান্দি গ্রামের কলার ব্যবসায়ী আবু মিয়া (৪৫) ও আবদুল জলিল (৪০) বলেন, ‘রং উজ্জ্বল ও দেখতে ভালো না হলে ক্রেতারা কলা কিনতে চান না। তাই ক্রেতাদের আকৃষ্ট করতে কলা পাকাতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। এসব কলা খেলে শরীরের ক্ষতি হয় কি না, আমাদের জানা নেই।’ জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের সম্পাদক আবু জাফর সাবু বলেন, জেলা পর্যায়ে স্যানিটারি ইন্সপেক্টর এবং পৌরসভাগুলোতে স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন। অথচ তাঁদেরকে কোনো দায়িত্ব পালন করতে দেখা যায় না।বর্তমানে জেলার বিভিন্ন হাটবাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, এমনকি চলন্ত বাস-ট্রেনেও ফেরি করে এসব কলা বিক্রি হচ্ছে। অজ্ঞতার কারণে ও সহজলভ্য হওয়ায় সব শ্রেণীর লোকজন এসব কলা কিনে খাচ্ছে। কারণ কয়েক বছর থেকে পলাশবাড়ী, সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে কলা চাষ হচ্ছে। এসব এলাকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল এখন কলা । সাগর কলা নামে পরিচিত এর দাম খুবই কম। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি হালি (চারটি) কলা দুই টাকা থেকে তিন টাকায় বেচাকেনা হচ্ছে। গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী লুৎফর রহমান বলেন, বিষাক্ত দ্রব্য ব্যবহারের আধা ঘণ্টার মধ্যে কলা পাকতে শুরু করে। ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ পেকে যায় এবং রং চকচকে দেখায়। এভাবে পাকানো ফল খেলে চর্মরোগ এমনকি কিডনির ক্ষতি হতে পারে।অন্যদিকে বিষাক্ত দ্রব্য মেশানোর কাজে নিয়োজিত ব্যক্তিরা চোখ-মুখ খোলা রেখে স্প্র্রে করছেন। প্রতি হালি কলা স্প্র্রে করতে পাঁচ টাকা নেওয়া হচ্ছে। এ কারণে বাজারে কলার দামও অনেকটা বেশি। পলাশবাড়ী উপজেলা সদরের কোমরপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক স্প্র্রে-মেশিন মালিক বলেন, ‘স্বাস্থ্যের ক্ষতি হয় কি না, জানি না। আমরা গরিব মানুষ। স্প্র্রে করে দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়। তাই কলা পাকানোর কাজ করি।’ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কোরবান আলী বলেন, বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে কলা পাকানোর ঘটনা সত্য। তবে কলায় বিষাক্ত দ্রব্য ব্যবহার না করার জন্য মাঠপর্যায়ে কৃষকদের অবহিত করা হচ্ছে।