প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, ১০ লাখ টাকা ছিনতাই
বরগুনার আমতলী উপজেলায় আজ দুপুর সোয়া ১২টার দিকে অমল কৃষ্ণ পাল নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আমতলী পৌর শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।অমল কৃষ্ণের ব্যবসায়িক অংশীদার আমতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধা প্রথম আলো ডটকমকে বলেন, অমল সোনালী ব্যাংকের আমতলী শাখা থেকে ১০ লাখ ৪২ হাজার টাকা তুলে শহরের পুরান বাজার এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, দুপুর সোয়া ১২টার দিকে আমতলী টিঅ্যান্ডটি রোডে দুটি মোটরসাইকেলে করে একদল সন্ত্রাসী অমলের ওপর হামলা চালায়। এ সময় গুলির শব্দ শুনে এলাকার লোকজন বাইরে বের হয়ে আসেন। তাঁরা দেখেন, অমলকে দুর্বৃত্তরা গুলি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করছে। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।গুরুতর আহত অমলকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিত্সকেরা জানান, তাঁর ডান পায়ে গুলি করা হয়েছে। এ ছাড়া বুকে ও ডান হাতে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আমতলী (বরগুনা) সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ এম আজিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।