প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষককে হত্যা
শিক্ষার্থী ও গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে বিদ্যালয়ের সামনের মাটির রাস্তায় ট্রাক্টর চালাতে বারণ করেছিলেন তিনি। আর এতেই ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরচালকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনকে (৫০) প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন।গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।এ ঘটনায় সিরাজের ছেলে মো. সালাহউদ্দিন বৃহস্পতিবার রাতেই পাঁচজনকে আসামি করে মনোহরদী থানায় হত্যা মামলা করেন। পুলিশ মামলার আসামি রাজু মিয়া ও আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্র জানায়, কিছুদিন আগে টানা বর্ষণ ও বৃষ্টির কারণে চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাটির রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থী ও গ্রামের লোকজন পড়ে দুর্ভোগে। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাটি ভরাট করে রাস্তাটি সংস্কার করেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর দুর্ভোগ লাঘব হয় কিছুটা। কিন্তু কয়েক দিনের টানা বর্ষণে মাটির রাস্তাটি আবার নরম হয়ে যায়। বৃষ্টির মধ্যে এ রাস্তা দিয়ে গ্রামের কয়েকজন ব্যক্তি ট্রাক্টর নিয়ে যাতায়াত করলে রাস্তাটি আবার ভেঙে পড়ে।প্রধান শিক্ষক সিরাজ বৃহস্পতিবার সকালে ট্রাক্টরচালকদের পাকা রাস্তা দিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু চালকেরা এই পথ দিয়েই ট্রাক্টর নিয়ে যাতায়াত করবেন বলে জানান। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ট্রাক্টরচালক রাজু মিয়া ও আকরামের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাক্টরচালকেরা প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষক সিরাজ চালাকচরে গ্রামের বাড়ির উদ্দেশে ফিরছিলেন। বিকেল চারটার দিকে চালাকচর চরপাড়া এলাকায় পৌঁছালে রাজু, আকরামসহ পাঁচ-ছয়জন ট্রাক্টরচালক প্রকাশ্যে সিরাজকে রড দিয়ে এলোপাতাড়ি পেটান। সিরাজের চিৎকারে এগিয়ে আসে আশপাশের লোকজন। পালিয়ে যায় হামলাকারীরা। লোকজন সিরাজকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ সিরাজের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত সিরাজের আত্মীয়স্বজন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।সিরাজের ছেলে মো. সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা নিজের সুবিধার জন্য ট্রাক্টরচালকদের ওই রাস্তা দিয়ে চলতে বারণ করেননি। এলাকাবাসী ও শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই নিষেধ করেছিলেন। কিন্তু তাঁকে প্রাণ হারাতে হলো। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’সিরাজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এলোপাতাড়ি রডের আঘাতে শিক্ষক সিরাজ উদ্দিনের মাথা, পিঠ, ঊরু, হাতসহ সারা শরীর প্রচণ্ড জখম হয়। এতে তাঁর মৃত্যু হয়।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনার রাতেই মামলার আসামি রাজু মিয়া ও আকরাম হোসেনকে গ্রেপ্তার করে। তাঁরা দুজনই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।’ট্রাক্টরচালক রাজু মিয়া মনোহরদী থানাহাজত থেকে প্রথম আলোকে বলেন, ‘আমরা হত্যার উদ্দেশ্যে সিরাজ মাস্টারকে রড দিয়ে পেটাইনি। আমাদের ট্রাক্টর চালাতে মানা করায় ক্ষোভের বশে তাঁকে পেটাতে গিয়েছিলাম। কিন্তু মাথায় আঘাত লেগে তাঁর মৃত্যু হয়।’