২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আওয়ামী লীগ। সম্পূরক অভিযোগপত্রে প্রকৃত অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে দলীয় নেতারা বলেন, এই নারকীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, তাঁদের শাস্তি দিতে হবে। এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমান, লুত্ফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, মুজাহিদসহ ৩০ জনের নাম অন্তর্ভুক্ত করে আজ রোববার অভিযোগপত্র দেয় সিআইডি।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর তত্কালীন বিএনপি সরকার আলামত নষ্ট করেছে। আহতদের উদ্ধারের জন্য লোকজন এলে সরকারের নির্দেশে পুলিশ গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে বাধা দিয়েছে। তত্কালীন বিএনপি সরকার এ ঘটনাকে হাস্যকর প্রমাণের চেষ্টা করেছিল। নানা বক্তৃতা-বিবৃতিতে তারা একে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছে। জজ মিয়া নাটক সাজিয়েছে। তিনি জড়িতদের শাস্তি দাবি করেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, এই জঘন্য হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের হত্যা করার চেষ্টা হয়েছিল। গত বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় এ ঘটনা ঘটানো হয়। এ কারণেই তারা মামলার সব আলামত নষ্ট করে। ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়। দীর্ঘ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা হাওয়া ভবনের পরিকল্পনাতেই হয়। এ কারণেই তারা জজ মিয়া নাটক সাজিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেয়েছিল। সম্পূরক অভিযোগপত্রে তা-ই প্রমাণিত হয়েছে। তিনি দোষীদের শাস্তি দাবি করে বলেন, এ ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়া না হলে এ রকম জঘন্য ঘটনা ঘটাতে অপরাধীরা উত্সাহিত হবে।