প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক: আ.লীগ
২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আওয়ামী লীগ। সম্পূরক অভিযোগপত্রে প্রকৃত অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে দলীয় নেতারা বলেন, এই নারকীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, তাদের শাস্তি দিতে হবে। সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, মুজাহিদসহ ৩০ জনের নাম অন্তর্ভুক্ত করার পর গতকাল রোববার এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর তৎকালীন বিএনপি সরকার আলামত নষ্ট করেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করার জন্য লোকজন এলে সরকারের নির্দেশে পুলিশ গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে বাধা দিয়েছে। ওই জনসভার নিরাপত্তা বলতে কিছু ছিল না। তিনি বলেন, তৎকালীন বিএনপি সরকার এ ঘটনাকে হাস্যকরভাবে প্রমাণের চেষ্টা করেছে। নানা বক্তৃতা-বিবৃতিতে তারা একে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছে। জজ মিয়া নাটক সাজিয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের এসব কর্মকাণ্ডই এ ঘটনায় তাদের সম্পৃক্ততার বড় প্রমাণ। তিনি জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এই জঘন্য হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের হত্যা করার চেষ্টা হয়েছিল। বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় এ ঘটনা ঘটানো হয়। এ কারণেই তারা মামলার সব আলামত নষ্ট করে। ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়। দীর্ঘ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা হাওয়া ভবনের পরিকল্পনাতেই হয়। এ কারণেই তারা জজ মিয়া নাটক সাজিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল। অভিযোগপত্রে তা-ই প্রমাণিত হয়েছে। তিনি দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া না হলে এ রকম জঘন্য ঘটনা ঘটাতে অপরাধীরা উৎসাহিত হবে।