প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত গণতন্ত্র অর্জন এবং এই অঞ্চলে সুষম সমাজ প্রতিষ্ঠায় মনোযোগ দিতে এশিয়ার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বালির নুসা দোয়ায় বালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (বিআইসিসি) চতুর্থ বালি ডেমোক্রেসি ফোরামে এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, অফুরন্ত সম্পদ, উদীয়মান অর্থনীতি, সম্ভাবনাময় প্রতিষ্ঠান, প্রযুক্তি ও অত্যাবশ্যকীয় গণতান্ত্রিক শক্তিসমৃদ্ধ এশিয়া এখন সকল পর্যায়ে গণতান্ত্রিক অংশীদারি বাড়াতে সক্ষম।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো আজ আনুষ্ঠানিকভাবে বালি ডেমোক্রেসি ফোরামের উদ্বোধন করেন। স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্টি এম নাতা লেগাওয়া প্রতিবেদন উপস্থাপন করেন।ব্রুনাই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়া, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জব্বার আল-থানি, গণতান্ত্রিক তিমুরের কে রালা জানানা গুসমাও, ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট জেজোমার বিনায় এবং তুরস্কের উপপ্রধানমন্ত্রী বুলেনিত আরনিক অনুষ্ঠানে বক্তৃতা করেন।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণকারী দেশের নেতাদের অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন।প্রধানমন্ত্রী গণতন্ত্র ও উন্নয়নে বিভিন্ন দেশের অভিজ্ঞতা-বিনিময় এবং আলোচনার মাধ্যমে এই অঞ্চলে প্রকৃত গণতন্ত্র অর্জনের জন্য এশীয় নেতাদের সামনে সাত দফা প্রস্তাব পেশ করেন। তিনি স্থানীয় সরকার, বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠানকে তাদের পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত ক্ষমতা ও অর্থের জোগান দিয়ে শক্তিশালী করে তুলতে হবে।আঞ্চলিক সহযোগিতা এবং প্রাপ্ত সম্পদ ব্যবহারের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণ, উন্নত জীবনযাত্রার জন্য ব্যক্তির আয় বাড়ানো এবং জনগণকে বঞ্চনামুক্ত করার স্বার্থে অবাধ চলাচল নিশ্চিত করতে হবে।প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও আবাসন-সুবিধা নিশ্চিত করতে এশিয়ার নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বেসরকারি খাতকে জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিভিন্ন দেশের বৈদেশিক নিরাপত্তা-ব্যয়ের উল্লেখযোগ্য অংশ জাতি গঠনমূলক কর্মকাণ্ডে বরাদ্দ এবং যেকোনো মূল্যে জাতীয় জীবনের সব ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।প্রায় ১৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই ফোরামে যোগ দেন। এ বছর ফোরামের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে গণতান্ত্রিক অংশীদারি জোরদার: গণতান্ত্রিক জাগরণের প্রতি সমর্থন দান’।গণতন্ত্র উন্নয়নের চাবিকাঠি: প্রধানমন্ত্রী গতকাল বালির ওয়েস্টিন হোটেলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, গণতন্ত্র হচ্ছে উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নের মূল চাবিকাঠি। গণতন্ত্র ছাড়া কোনো দেশের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘বালি ডেমোক্রেসি ফোরাম এমন কোনো ফোরাম নয় যে একটি দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা বা গণতন্ত্রকে সংজ্ঞায়িত করতে বাধ্য করবে। আমরা এখানে আলোচনা করব এবং আমাদের আলোচনা থেকে আমরা একে অন্যের কাছ থেকে জানব।’