প্রকৃত যুদ্ধাপরাধীদের খুঁজে বের করব আমরাই (ভিডিও)
সংসদের আগামী অধিবেশনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার জন্য সরকারের প্রতি দাবি জানানোর মধ্য দিয়ে ঢাকায় গণসংযোগ কর্মসূচি শেষ করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডার ভাটারায় পথসভার মধ্য দিয়ে শেষ হয় ১৮ দলের দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি। বাড্ডায় খালেদা জিয়া দাবি করেন, গত চার বছরে সরকার কোনো ভালো কাজ করেনি। সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তা পাশ করার মাধ্যমে ‘একটি ভালো কাজ’ করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।আজ সকালে গাবতলীতে পথসভায় খালেদা জিয়ার বক্তৃতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৮ দলের গণসংযোগ কর্মসূচি। পরে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, সবুজবাগ ও বাড্ডার ভাটারায় পথসভায় বক্তব্য দেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ কয়েকটি দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই কর্মসূচি পালন করছে। ঢাকা ছাড়া সবকটি মহানগরেও এই কর্মসূচি পালন করেছে ১৮ দল।মূল দাবি তত্ত্বাবধায়ক সরকারের হলেও সবকটি পথসভায়ই জামায়াত-শিবিরের কর্মীদের দেখা গেছে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে এবং ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবিতে স্লোগান দিতে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার ও পোস্টার নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা ছিলেন সক্রিয়।বিকেলে যাত্রাবাড়ীর পথসভায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘প্রকৃত যুদ্ধাপরাধীদের খুঁজে বের করব আমরাই। আগে দলের মধ্যে এবং আত্মীয়স্বজনদের মধ্যে যারা যুদ্ধাপরাধী আছে, তাদের বিচার করেন।’কারওয়ান বাজারের পথসভার মতো যাত্রাবাড়ীতেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠকের বিভিন্ন ছবি দেখান খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা দাবি করেন, ‘প্রধানমন্ত্রী সকালে আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলা শুরু করেন, রাত পর্যন্ত মিথ্যা কথা বলেন।’উচ্চ আদালতের একটি রায়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘উনার মাথা খারাপ। এ জন্য উনি খারাপ কথা বলেন।’প্রধানমন্ত্রীর উদ্দেশে খালেদা জিয়া আরও বলেন, ‘আপনিই চোরের মা। আপনার ছেলে আমেরিকার এয়ারপোর্টে ডলারসহ ধরা পড়েছে। সে টাকা আমেরিকা সরকার রেখে দিয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে বলে আমেরিকা তাকে ছেড়ে দিয়েছে। চোরের মার বড় গলা হলো আপনার।’
বিকেল চারটার দিকে যাত্রাবাড়ীর পথসভায় বক্তব্য দেওয়া শুরু করেন বিএনপির চেয়ারপারসন। তাঁর বক্তব্য শুরুর আগ মুহূর্তে মঞ্চের সামনে বিএনপির নেতা নবীউল্লাহ ও সালাউদ্দিন আহমদের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিট বক্তব্য দেন খালেদা জিয়া।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত ‘রুই-কাতলা’ বেরিয়ে আসার ভয়ে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দুর্নীতির অভিযোগ থেকে রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে গণসংযোগ কর্মসূচির দ্বিতীয় পথসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। কারওয়ান বাজারের কর্মসূচি শেষে যাত্রাবাড়ী, সবুজবাগ ও ভাটারায় পথসভায় বক্তব্য দেবেন তিনি। বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আবুল হোসেন অন্যের নির্দেশ পালন করেছেন। কান টানলে মাথা আসে। আবুল টানলেও মাথা আসবে। সে জন্য আবুলের মুখে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ, তাঁকে ধরলে আপামণি, ভাইয়া, জামাইবাবু রুই-কাতলারা বেরিয়ে আসবে। সে জন্য আবুলকে ধরা হচ্ছে না।’খালেদা জিয়া বলেন, ‘দুর্নীতি দমন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশন। তারা দুর্নীতি দমন কমিশন নয়। তাই সরকারের দুর্নীতি তাদের চোখে পড়ে না। এ ধরনের কাজ করে তাঁরা শপথ ভঙ্গ করেছেন।’ খালেদা জিয়ার ভাষায়, এ অপরাধের জন্য দুদককে বিচারের মুখোমুখি করা হবে। খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার আদালত নিয়ন্ত্রণ করছে। এ কারণেই সেখানে বিএনপির নেতা-কর্মীরা বিচার পান না। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বিএনপিও যুদ্ধাপরাধের বিচার চায়। তবে তা হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের এবং “প্রকৃত যুদ্ধাপরাধীদের” বিচার।’ আওয়ামী লীগে এবং প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজনদের মধ্যেও যুদ্ধাপরাধী আছে দাবি করে তাঁদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘তাহলে বুঝব সত্যিকারের বিচার আপনারা চান।’ ‘আওয়ামী লীগের চেহারা পাল্টাতে সময় লাগে না’ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতা নিজামী, মুজাহিদসহ অনেককে ধরেছেন। কিন্তু তাদের সঙ্গে ৯৫-৯৬ সালে যখন একসঙ্গে মিটিং করেছেন, তখন তারা যুদ্ধাপরাধী ছিল না? ২০০১-এ কেন বিচার করলেন না?’পরে খালেদা জিয়া উপস্থিত নেতা-কর্মীদের বিভিন্ন ছবিও দেখান, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক করতে দেখা যায়। জাসদের সভাপতি ইনুর সঙ্গে জামায়াত নেতা মতিউর রহমানের একটি ছবি দেখিয়ে তিনি বলেন, ‘ইনু সাহেব পারলে নিলডাউন হন। আর এখন বড় বড় কথা বলছেন।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের করেন। আর এগুলোরও জবাব দিয়েন, কেন তখন একসঙ্গে বসেছিলেন?’স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘তিনি পাকিস্তানিদের অধীনে শেষ দিন পর্যন্ত চাকরি করেছেন। রাজাকারকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে বলছেন, রাজাকারের বিচার করবেন।’প্রধানমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের পাল্টা জবাবে খালেদা জিয়া বলেন, ‘আপনি বলেছেন, “চোরের মায়ের বড় গলা”। আমরা কোনো অন্যায় করিনি। আপনার গলা কেন এত বড়?’প্রধানমন্ত্রীর মেয়ে, মেয়ের স্বামী, ছেলে কোথায় কী করেছেন—তা ইন্টারনেটেও ছড়িয়ে গেছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘বড় গলা বন্ধ করেন। সামনে ভালো দিন নয়।’নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘কাল জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনলে বিএনপি সংসদে যোগ দেবে। সম্মিলিতভাবে তা পাস করবে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ভালো কাজ করে থাকেন, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রমাণ করুন জনগণ আপনাদের চায়।’ পোশাকশিল্প ও জনশক্তি রপ্তানি খাত নষ্ট করার জন্য সরকারকে দোষারোপ করেন বিএনপির চেয়ারপারসন। কয়েক দফায় বিদ্যুত্, গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, আবার গ্যাস, বিদ্যুত্, জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা চলছে। আবার দাম বাড়ানো হলে রাজপথে নেমে হরতাল করারও হুমকি দেন তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোরও দাবি জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘সরকার বলে তারা দেশকে সোনার বাংলা করেছে। সোনার বাংলা আপনাদের জন্য, জনগণের জন্য শ্মশান।’খালেদা জিয়ার ভাষায়, সরকারের দুঃশাসন, লুটপাট, নৈরাজ্যের প্রতিবাদে তিনি রাজপথে বেরিয়েছেন। এটি শুধু বিএনপি বা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়। সবাই এর ভুক্তভোগী। তাই সবাইকে আন্দোলন-সংগ্রামে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।গাবতলীর পথসভারাজধানীর গাবতলীর বিউটি সিনেমা হলের মাঠে (এস এ খালেকের মাঠ) আজ বুধবার গণসংযোগ কর্মসূচির প্রথম পথসভায় খালেদা জিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাইছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে না।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এ সরকার পুরো মেয়াদ শেষ করুক, তাতে বিএনপির আপত্তি নেই। কিন্তু তার আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে এনে তা পাস করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’যুবসমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘তোমাদের জাগতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। তোমাদের ভবিষ্যতের পথ সুন্দর করতে আমরা রাস্তায় নেমেছি। ঘরে বসে থাকলে ধুঁকে ধুঁকে মরতে হবে।’ বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ভাষণে যুদ্ধাপরাধীদের সুবিচার ও স্বচ্ছ বিচারের দাবি জানান বিএনপির চেয়ারপারসন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘যাঁরা সত্যিকারের যুদ্ধাপরাধী, যাঁরা আপনার আত্মীয়স্বজন, যাঁরা আপনার দলে আছেন, তাঁদেরও বিচার করেন।’খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দমনপীড়ন চালাচ্ছে। কিন্তু নিজেদের দলের সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিএনপির চেয়ারপারসন বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর দলীয় নেতা-কর্মীদের যেসব মামলা প্রত্যাহার করে নিয়েছে, এগুলো আগামীতে মূল্যায়ন করা হবে।আজ সকাল ১০টায় রাজধানীর গাবতলী থেকে খালেদা জিয়ার কর্মসূচি শুরু করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে গণসংযোগ কর্মসূচি এক ঘণ্টা পেছানো হয়। বেলা ১১টার দিকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া। পথসভা উপলক্ষে ১৮ দলের নেতা-কর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে সেখানে জড়ো হন। তাঁরা মঞ্চে বক্তব্য রাখেন। গাবতলী যাওয়ার সড়কের পাশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাস্তার ধারে সারিবদ্ধভাবে অবস্থান নেন। তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ও দলটির গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার বহন করেন ও স্লোগান দেন। ৯ ডিসেম্বরের অবরোধে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন। এর প্রতিবাদে ১৩ ডিসেম্বর অর্ধদিবস হরতাল শেষে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়।