প্রকৃত শিক্ষার অভাবে ইভ টিজিং হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃত শিক্ষার অভাবে ইভ টিজিং জাতীয় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ইভ টিজিং প্রতিরোধে বাস্তবমুখী শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে হবে। এ লক্ষ্যে প্রাথমিক স্তরের পাঠ্যসূচিতে বাস্তবমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া ‘ইভ টিজিং’ নামক সামাজিক এ ব্যাধিকে ‘যৌন হয়রানি’ নামে অভিহিত করে তা নারী নির্যাতন আইনের আওতাভুক্ত করার দাবি জানিয়েছেন সেমিনারের বক্তারা। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সরকারি (মাধ্যমিক) সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ‘ইভ টিজিং প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সমিতির সভাপতি মো. মোফাজ্জল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল গফফার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনার সাদেকা হালিম।আরেফিন সিদ্দিক আরও বলেন, ‘ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। এর উত্স চিহ্নিত করতে হবে। তবেই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা যাবে।’ এজন্য তিনি শিক্ষকদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, নারীদের বাদ দিয়ে সমাজ এগিয়ে যেতে পারে না। তাই নারীদের সম্মান করাটাও শিক্ষা দিতে হবে শিক্ষকদেরই। সাদেকা হালিম বলেন, ‘ইভ টিজিংয়ের শিকার মেয়েরা বিচার না পেয়ে, অপমানে অসহায়ত্ব বোধ করে আত্মহত্যা করছে। নারীদের কোনো বিশেষণে নয়, তাদের নারী হিসেবেই চিহ্নিত করতে হবে।’ জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান ইভ টিজিংকে সামাজিক এবং মনস্তাত্ত্বিক ব্যাধি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ রোগ সারাতে ছেলেমেয়েদের নৈতিকতা ও অধিকারের বিষয়ে সচেতন করে তুলতে হবে।