অডিও দোকানে বাজানো নতুন অ্যালবামের সুর, কোরাস গানের মতো হকারদের এক দামের ঘোষণা, ভয়ানক জটে আটকে পড়া গাড়ির হর্ন আর বহু লোকের কণ্ঠস্বরের গমগমে আওয়াজ। অপরাহ্নে গাউছিয়া মার্কেটের সামনে এসে মনে হলো, যথার্থই ঈদের বাজার শুরু হয়েছে।গত কয়েকটি দিন ভেসে গেছে বৃষ্টিতে। কেনাকাটার জন্য লোকজন ঘর থেকে একরকম বের হতেই পারেনি। গতকাল শুক্রবার একে তো ছুটির দিন, তার ওপর প্রকৃতিও ছিল সদয়। আকাশে মাঝেমধ্যে ধোঁয়াটে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি নামেনি।সকাল থেকেই সোৎসাহে কেনাকাটা করতে ঘর থেকে বের হয়েছে অনেকে। বিকেল থেকে বিপণিবিতানগুলোতে ভিড় বাড়তে থাকে। বিক্রেতারা বলেছেন, প্রকৃতপক্ষে গতকাল থেকেই ঈদের বাজার জমতে শুরু করেছে।ঢাকা শহর এখন অজস্র মার্কেট, সুপার মার্কেটে ভরপুর। বসতবাড়ি আর বাজার আলাদা করার কায়দা নেই। আবাসিক আর বাণিজ্যিক এলাকা মিলেমিশে একাকার। তা সত্ত্বেও পুরোনো মার্কেটগুলোর প্রতি ক্রেতাদের যে এক বিশেষ ধরনের টান আছে, গাউছিয়ার ভিড় দেখে তা-ই মনে হয়। উত্তরার ১০ নম্বর সেক্টরের গৃহবধূ মিসেস নূরজাহান হকও তা-ই বললেন, ‘উত্তরাতেও অনেক মার্কেট। আগে আমরা মোহাম্মদপুরে থাকতাম। তখন গাউছিয়াতেই কেনাকাটা করেছি। এখানে দাম খুব একটা যে কম তা নয়, তবে অনেক চেনা দোকান আছে। পরিবেশটা আপন মনে হয়। সেই টানেই উত্তরা থেকে আসা।’ তাঁর মতো বহু ক্রেতার সমাগমে দুপুর থেকে বাটা মোড়, নীলক্ষেত মোড় হয়ে সায়েন্স ল্যাবরেটরির মোড় পর্যন্ত পুরো এলাকা ছিল ভিড়ভাট্টায় জনসমুদ্র।এখানে একসঙ্গে অনেক মার্কেট। গাউছিয়া, চাঁদনী চক, ধানমন্ডি হকার্স, নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, ইস্টার্ন মল্লিকা আরও অনেক। প্রধানত নারী ও শিশুদের পোশাক-আশাক, প্রসাধনীর জন্য বিখ্যাত। নগরের বিভিন্ন এলাকার ক্রেতারা তাদের নিজ এলাকায় যতই কেনাকাটা করুক না কেন, গাউছিয়া-নিউমার্কেট এলাকায় একটি চক্কর দিয়ে থাকেন। সে কারণে ঈদের সময় নগরের এই এলাকাটি থাকে সবচেয়ে ব্যতিব্যস্ত। গতকাল থেকেই সেই ব্যস্ততা শুরু হয়েছে। বাটা মোড় থেকে গাউছিয়া পর্যন্ত পথে যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল ঢিলেঢালা। ফলে, ভয়ানক জটে লোকজনকে বড়ই দুর্ভোগ পোহাতে হয়েছে।ক্রেতার সমাগম বাড়লেও বিক্রি নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না ব্যবসায়ীরা। কাপড়চোপড় এসেছে বিস্তর, তবে দর এত চড়া যে বিক্রি অনেক কম। গাউছিয়ার দোতলায় থ্রিপিস ও তৈরি পোশাকের বিশাল সম্ভার। ন্যাশনাল ফ্যাশনের স্বত্বাধিকারী মনজুরুল ইসলাম জানালেন, ভারতের সর্বশেষ ডিজাইনের পোশাকই ঈদের বাজারে বেশি চলে। রুপির তুলনায় টাকার দাম কমে যাওয়া ও শুল্ক বাড়ার ফলে গতবারের চেয়ে পোশাকের দাম বেড়েছে দেড় থেকে দুই গুণ। ১০০ টাকায় এখন ৫২ রুপি পাওয়া যায়। এক হাজার রুপির পোশাক এখানে প্রায় তিন হাজার টাকা পড়ে যায়। এবার নতুন ডিজাইনের মধ্যে আছে শিলা, দাবাং, ডিংগাচিকা প্রভৃতি। মুম্বাইয়ের হিট সিনেমার অভিনেত্রীরা যেসব পোশাক পরে অভিনয় করেছেন, সেসব সিনেমার নাম বা গানের কলি দিয়ে নামকরণ করা হয়েছে এসব পোশাকের। নেট, জর্জেট, তাসলুম—এসব কাপড়ে তৈরি এসব থ্রিপিসের দাম তিন হাজার থেকে সাত হাজার টাকা। এ ছাড়া গতবারের মাসাককালি ও আনারকলিও এসেছে নতুন ডিজাইনে। এগুলো গতবার দুই-আড়াই হাজার টাকায় বিক্রি হলেও এবার দাম শুরুই হচ্ছে তিন হাজার থেকে।গাউছিয়ার নিচতলা ও ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ির দোকান। পিংকি শাড়ি হাউসের মো. বশির, মালিহা শাড়ি ঘরের খায়রুল হক, রানী মহলের জীবন ইসলামের সঙ্গে কথা বলে জানা গেল, চড়া দামের কারণে বিক্রিতে মন্দা। ভারত থেকে এসেছে সিমার, নেট ও মসলিনের ওপর কারুকাজ করা শাড়ি। এসবের দাম আড়াই হাজার থেকে ৩০ হাজার টাকা। দেশি কোটা শাড়ি ৪০০ থেকে তিন হাজার টাকা। রাজশাহীর কাজ করা বলাকা সিল্ক শাড়ি তিন হাজার থেকে ছয় হাজার টাকা। টাঙ্গাইল সুতি ৬০০ থেকে দেড় হাজার টাকা। বালুচরি ১৪০০ টাকা, জামদানির শুরুই আড়াই হাজার থেকে। বাসাবো থেকে শাড়ি কিনতে আসা গৃহবধূ সায়মা আক্তার বললেন, ‘শবে বরাতের পর থেকেই শাড়ির দাম বেড়েছে। বাজেটের মধ্যে কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে।’চাঁদনীচকে থান কাপড়ের দোকানেও ক্রেতা সমাগম প্রচুর। রাহিম ফেব্রিকসের রাজু আহমেদ জানালেন, থ্রিপিসের জন্য ভারতীয় দিবা, দমদম, মুগল-ই-আজম, জয়ন্ত লাল, ঋতুরানী নামের কারুকাজ করা সুতির থান এসেছে এবার। এর দাম প্রতি গজ সাড়ে ৪০০ থেকে এক হাজার ৫০ টাকা। দেশি থানের মধ্যে ভয়েল ও পপলিনের দাম ৫৫ থেকে ৬০ টাকা। গজে বেড়েছে প্রায় ১০ টাকা।নিউ মার্কেটের ড্রেস সেন্টারের বিক্রেতা কালাম মিয়া জানালেন, শিশু ও কিশোরীদের কুর্তি নামের একটি নতুন ডিজাইনের থ্রিপিস এসেছে, দাম এক হাজার থেকে আড়াই হাজার টাকা। স্কার্ট ও টপসের শুরুর দাম ৮০০ টাকা। ছেলেদের থ্রি-কোয়ার্টার প্যান্ট ও শার্ট সেট এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা। এখানেই গোড়ান থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে কেনাকাটা করতে এসেছিলেন ব্যবসায়ী মাহবুব খান। তিনি বললেন, ‘পোশাক-আশাকের দাম মনে হচ্ছে ৪০ শতাংশ বেড়েছে। আয় তো সে হারে বাড়েনি। স্বল্প আয় বা যাঁরা নির্দিষ্ট আয়ে চলেন, তাঁদের পক্ষে এই বাড়তি খরচ কুলিয়ে ওঠা কঠিন হবে।’প্রকৃতি প্রসন্ন। ঈদের বাজারে ক্রেতাও আসছে প্রচুর। কিন্তু দাম যে হারে বেড়েছে, তাতে সাধ আর সাধ্যের সমন্বয় করে কেনাকাটা করা দুরূহ হয়ে পড়েছে সাধারণ মানুষের পক্ষে। সে কারণে মনে প্রসন্নতা নেই তাদের।