প্রকৃতিতে নতুন সাজ বরণে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে...’— বসন্তের ছোঁয়ায় এভাবেই উতলা হয়েছিল ভাটির বাউল শাহ আবদুল করিমের মন। বসন্তে ফুলের গন্ধ শুধু বাউলসম্রাটকেই নয়, যুগে যুগে বিভোল করেছে তাবত্ বাঙালিকেই। সেই ঋতুরাজ বসন্ত জাগ্রত এখন বাংলার দ্বারে দ্বারে।পলাশ-শিমুলের ডালে ডালে রক্তিম উচ্ছলতা। বনের নিভৃত কোণে, মেঠোপথের ধারে কারও দেখার অপেক্ষা না করেই ফুটেছে আরও কত নাম না-জানা ফুল। কোকিলের কুহুতান আর মৃদুমন্দ বাতাসও মনে করিয়ে দেয় আজ বসন্তের শুরু, আজ পয়লা ফাল্গুন। প্রকৃতিতে ধীরে ধীরে বসন্তের রং লেগেছে কদিন থেকেই, তবে দিনপঞ্জির হিসাবে তার অভিষেক আজকের নতুন সূর্যের পিছু ধরে।বসন্ত মানেই ফুলের স্ফুরণ। তার বন্দনায় সব অনুষঙ্গকে ছাপিয়ে যায় ফুলই। কবিগুরু গেয়েছিলেন, ‘আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে...।’ অশোক-কিংশুকে বিমোহিত নজরুলের ভাষায়, ‘এল খুনমাখা তূণ নিয়ে/ খুনেরা ফাগুন...।’ তবে ফুলের অপেক্ষা করতে নারাজ সুভাষ মুখোপাধ্যায়। তাঁর ভাষায়, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক/ আজ বসন্ত।’বয়সে অথবা মনে তরুণেরা আজ বসন্তের ডাকে সাড়া দেবেন সাড়ম্বরেই। মনের মধ্যে লাগা ফাগুনের রং প্রকাশ করতে নারীরা গায়ে চড়াবেন বাসন্তী শাড়ি। খোঁপায় গাঁথবেন বাহারি ফুল। যেতে যেতে ছড়িয়ে দেবেন হাসির দ্যুতি। আনমনেই হয়তো গুনগুনিয়ে উঠবেন প্রিয় কোনো সুর। লাল-হলুদ পাঞ্জাবি বা ফতুয়ায় পুরুষেরাও খুঁজে নেবেন বসন্ত। ঋতুরাজকে আরও নিবিড় করে পেতে গালে, কপালে কেউ বা আঁকবেন নকশা।নগর প্রকৃতিতে বসন্ত: বসন্তের আগমনে প্রকৃতির সবখানে চলছে নতুনের খেলা। বাদ যায়নি ‘ইটের পরে ইটের’ ঢাকা শহরও। রমনা আর সোহরাওয়ার্দীর মতো হাতে গোনা উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বা মন্ত্রী পাড়ার মতো সবুজ ‘ছিটমহলগুলোতে’ পথচারীর চলা হঠাত্ থমকে যাচ্ছে কোকিলের ডাক বা চেনা-অচেনা ফুলের শোভায়। সংসদ ভবনের পেছনের লেক সড়ক ও ধানমন্ডি লেকের পাশে পলাশগাছ ছেয়ে গেছে ফুলে ফুলে। বনানী লেকের পাশেও চোখে পড়ছে শিমুলের বাহার। হেয়ার রোডের রাস্তার ধারের বড় গাছগুলোতে আসছে নতুন পাতা। মোট কথা, রাজধানীর পথে নামলে বসন্তে উদ্বেল হওয়ার সব উপকরণই মজুদ।কর্মসূচি: ফাগুনের প্রথম দিনকে বরণ করতে জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদ সকাল সাতটা থেকে রাত অবধি চারুকলার বকুলতলায় আয়োজন করেছে নানা অনুষ্ঠান। ‘এসো মিলি প্রাণের উত্সবে’ শীর্ষক এ অনুষ্ঠানে থাকবে সংগীত, আবৃত্তি, নৃত্য ও ‘বসন্ত কথন’। বিকেলে রবীন্দ্রসরোবরে থাকবে বিশেষ অনুষ্ঠান। নজরুল একাডেমি বিকেলে মগবাজারের নিজস্ব ভবনে আয়োজন করেছে ‘বসন্ত বরণ ১৪১৬’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের।