প্রকৌশল ডিগ্রির দাবিতে উপাচার্য অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশল ডিগ্রির দাবিতে আজ মঙ্গলবার মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য, প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য, উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের হটিয়ে দিয়ে উপাচার্যসহ অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করেছে। পুলিশ ১০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক প্রথম আলোকে জানান, খাদ্য, প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আজ সন্ধ্যার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ যথারীতি খোলা থাকবে।আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে দাবি আদায়ের লক্ষ্যে খাদ্য, প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এতে উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। বিকেল তিনটার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ অবস্থানরত শিক্ষার্থীদের ওপর পানি নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে এবং খাদ্য, প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জমরুদ হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁরা যে পাঠ্যসূচি অনুযায়ী লেখাপড়া করেন, এর বেশির ভাগই প্রকৌশল বিষয়সম্পর্কিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের পাঠ্যসূচি পড়িয়ে প্রকৌশল ডিগ্রি দেওয়া হয়। তাই তাঁরা প্রকৌশল ডিগ্রির জন্য তিন মাস আগে থেকে আন্দোলন করে আসছেন।