মাটির গভীর থেকে ভবনের ভিত (পাইলিংয়ের মাধ্যমে) তুলে কাঠামো নির্মাণ করলে স্থাপনা নিরাপদ হয়। মাটির গঠন-প্রকৃতি অনুযায়ী রাজধানীর কাঁঠালবাগান পুকুরপাড় এলাকায় নিরাপদ একটি ভবন নির্মাণের জন্য ৬৫ ফুট পাইলিং করা দরকার। কিন্তু হেলে পড়া ভবনটির পাইলিং করা হয়েছে মাত্র ২৫ ফুট। ভবনটির জন্য যে নকশা অনুমোদন করা হয়েছিল, নির্মাণের সময় তা-ও মানা হয়নি। এ দুটো বিষয়ই নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থপতিদের। এটা করতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আছে ইমারত নির্মাণ বিধিমালায়।‘এশিয়ান হায়দার টাওয়ার’ নামের হেলে পড়া ভবনটির নির্মাতাপ্রতিষ্ঠান এশিয়ান কমটেক (বিডি) লিমিটেড। জমির মালিক আলমগীর হায়দার। তবে ভবনটির প্রকৌশলী ও স্থপতিদের কারও নামই গতকাল পর্যন্ত জানা যায়নি। নির্মাতাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুদ্দিন মজুমদার এবং জমির মালিকের বিরুদ্ধে গতকাল থানায় মামলা করেছে রাজউক। কিন্তু প্রকৌশলী ও স্থপতিদের আসামি করা হয়নি।জানতে চাইলে রাজউকের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, রাজউকের কাছে নকশা অনুমোদন করিয়ে নেওয়ার পর প্রকৌশলী নিয়োগ করা হয়েছে। তাই তাঁর নাম তাঁরা জানেন না।ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ অনুযায়ী নির্মাণে অনিয়মের জন্য স্থপতি বা প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগ আনা যাবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাঁদের লাইসেন্স বাতিল এবং সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীর এবং স্থাপত্য ইনস্টিটিউট স্থপতির লাইসেন্স বাতিলের শাস্তি দিতে পারে।খোঁজ নিয়ে জানা গেছে, রাজউকের আওতাভুক্ত এলাকায় এ পর্যন্ত বাড়ি ধসে পড়া, হেলে পড়া বা ভেঙে পড়ার ঘটনায় নির্মাণের দায়িত্বে থাকা কোনো প্রকৌশলী বা স্থপতির শাস্তি হয়নি। এমনকি এঁদের বিরুদ্ধে মামলাও হয়নি। শুধু ২০০৫ সালের শেষ দিকে তেজগাঁও এলাকায় ফিনিক্স ভবন এবং এর আগে ২০০৪ সালে সাভারে স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধসে পড়ার পর মালিকদের পাশাপাশি প্রকৌশলীদেরও আসামি করা হয়েছিল। কিন্তু ‘পলাতক রয়েছেন’ বলে তাঁদের আর খোঁজা হয়নি।ইমারত নির্মাণ বিধিমালায় যা আছে: ইমারত নির্মাণ বিধিমালায় বলা আছে, একটি ভবন নির্মাণের সঙ্গে চারজন স্থপতি ও প্রকৌশলী যুক্ত থাকবেন। প্রথমে একজন স্থপতি নকশার পরিকল্পনা করবেন। এরপর একজন বিশেষজ্ঞ প্রকৌশলী মাটি পরীক্ষা করে প্রতিবেদন তৈরি করবেন। তার ওপর ভিত্তি করে ডিজাইন প্রকৌশলী ডিজাইন তৈরি করবেন। সবকিছুর সমন্বয় করবেন একজন নির্মাণ প্রকৌশলী। কারিগরি এসব বিষয়ের সমন্বয় না হলে ওই বাড়ি নিরাপদ বাসযোগ্য বলে পরিগণিত হবে না।জাতীয় নির্মাণ বিধিমালার অন্যতম প্রণেতা জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদেশে কোনো ভবন হেলে বা ধসে পড়ার ঘটনা ঘটলে প্রথমে প্রকৌশলী ও স্থপতিদের খোঁজা হয়। তাঁদের বিরুদ্ধে তদন্ত হয়। শাস্তি হলে ভবিষ্যতে তাঁদের আর ড্রয়িং (নকশা ও অন্যান্য) করতে দেওয়া হয় না।জামিলুর রেজা চৌধুরী আরও বলেন, রাজউকের তালিকাভুক্ত স্থপতি ছাড়া অন্যরা নকশা করতে পারে না। কিন্তু তা হয় কি না জানা যায় না। রাজউক বলে থাকে, রাজধানীতে প্রতিবছর ছয় হাজার নতুন ভবন তৈরি হয়, সেগুলো তদারক করার লোকবল তাদের নেই।স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, রাজউক প্রকৌশলী বা স্থপতিদের খুঁজে পাচ্ছে না—এটা বলার কোনো অবকাশ নেই। কারণ বর্তমানে যে ইমারত নির্মাণ বিধিমালা প্রচলিত আছে, তাতে রাজউকের সঙ্গে নির্মাতাপ্রতিষ্ঠানের প্রকৌশলী ও স্থপতিদের নিয়মিত দেখা করে কাজের অগ্রগতি জানানো বাধ্যতামূলক।অভিযোগ: রাজউক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯০ সালে কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের পুকুরটি ভরাট করা হয়। পরবর্তীকালে সেখানে বহুতল ভবন গড়ে উঠতে থাকে। ৩০৪/১ ফ্রি স্কুল স্ট্রিটের সাততলা এই বাড়িটি নির্মাণের জন্য ২০০৮ সালের শুরুতে রাজউকের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়। কিন্তু যথাযথ পাইলিং না করে তড়িঘড়ি বাড়িটির নির্মাণকাজে হাত দেওয়া হয়।সূত্র জানায়, নকশা অনুমোদন করা হলেও পরে নকশায় বড় ধরনের ব্যত্যয় ঘটানো হয়। এর মধ্যে অন্যতম ত্রুটি ছিল ভবনের সামনে, পেছনে এবং দুই ধারে যতটুকু জায়গা রাখার কথা, তা না রেখে স্থাপনার আয়তন বাড়ানো।রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে জানান, ভিতের ত্রুটি এবং নকশার ব্যত্যয় ঘটানোর কারণে কাঁঠালবাগানের বাড়িটিকে ২০০৯ সালের ২১ ডিসেম্বর নোটিশ করা হয়। নোটিশ না মানায় ৩১ ডিসেম্বর বাড়িটিকে ‘অবৈধ’ বলে ভেঙে ফেলার নোটিশ করা হয়। এমনকি ভবনটির বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংযোগ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাজউকের পক্ষ থেকে অনুরোধও করা হয়।বাস্তবতা হচ্ছে, তার পরও এই ভবন নির্মাণ করা হয়েছে, সাধারণের কাছে ফ্ল্যাট বিক্রি হয়েছে এবং ক্রেতারা ফ্ল্যাট বুঝে পাওয়ার আগে তা হেলে পড়েছে। এর মধ্যে রাজউক আর কোনো উদ্যোগ কেন নিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থপতি মোবাশ্বের হোসেন।তদন্ত কমিটি: ভবন হেলে পড়ার বিষয়টি তদন্তের জন্য গতকাল পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে রয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক এ এম এম শফিউল্লাহ, রাজউকের সদস্য (উন্নয়ন) এম মাহবুব-উল আলম এবং ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাহী প্রকৌশলী মো. শরীফ উদ্দিন ও একজন সেনা কর্মকর্তা।মালিক-নির্মাতাপ্রতিষ্ঠানের কেউ নেই: রোববার রাত থেকে গতকাল সারা দিনে হেলে পড়া ভবনের জমির মালিক ও নির্মাতাপ্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। রাজউকের ফাইলে নির্মাতাপ্রতিষ্ঠানের যে মোবাইল নম্বর ছিল, তা বন্ধ পাওয়া গেছে। ভবনটির আশপাশের বাড়ির বাসিন্দাদের কাছ থেকে নম্বর নিয়ে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। বিভিন্ন বিজ্ঞাপনে দেওয়া নির্মাতাপ্রতিষ্ঠানের আটটি মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। দুটি ল্যান্ডফোনও ছিল অচল।রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান বলেন, মালিক ও নির্মাতাপ্রতিষ্ঠানের লোকদের পাওয়া গেলে নিজ উদ্যোগে ভবনটি ভেঙে ফেলার কথা বলা হতো। কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সূত্র জানিয়েছে, ভবনটির নির্মাতাপ্রতিষ্ঠান এশিয়ান কমটেক (বিডি) লিমিটেড তাদের সদস্যভুক্ত কোম্পানি নয়।একই কারণে অনেক দুর্ঘটনা: জলাশয় বা জলাভূমি ভরাট করে উপযুক্ত ভিত তৈরি না করে ভবন নির্মাণের কারণে রাজধানী ও এর আশপাশের এলাকায় অনেক দুর্ঘটনা ঘটছে। জলাভূমিতে ভবন নির্মাণের কারণে গত ২ জুন বেগুনবাড়িতে পাঁচতলা ভবন উপড়ে পড়ে ২৫ জন মারা যায়। গত ২৬ অক্টোবর রাজধানীর দক্ষিণখান এলাকায় ধসে পড়ে একটি তিনতলা ভবন। এর আগে ১৯৯৭ সালে কলাবাগান এলাকায় নির্মাণাধীন সাততলা ভবন ধসে সাতজন শ্রমিক মারা গেছেন। ২০০২ সালে শাহজাহানপুর এলাকায় বিএনপির নেতা মির্জা আব্বাসের বাড়ির পাশে ঝিলের জায়গা ভরাট করা জায়গায় নির্মিত ভবন ধসে পড়ে। ২০০৪ সালে সাভারে স্পেকট্রাম গার্মেন্টস কারখানা ধসে পড়ে।একাধিক দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইমলাম। তিনি প্রথম আলোকে বলেন, জলাশয় বা জলাভূমি ভরাট করে নির্মিত ভবন ধসে পড়ার অন্যতম কারণ হচ্ছে পাইলিংয়ে ত্রুটি। এর ফলে মাটি ও ভিত যথোপযুক্ত শক্ত থাকে না। তিনি বলেন, তদন্তের সুপারিশ হিসেবে কারিগরি বিধিমালা এবং পরবর্তীকালে জাতীয় নির্মাণ বিধিমালা অনুসরণের সুপারিশ করা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে, তা কেউ মানে না।বেগুনবাড়ি ও নাখালপাড়ায় ধসে পড়া ভবনগুলোর বিষয়ে তদন্ত কমিটি যে সুপারিশ করেছিল, সে অনুযায়ী কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা দাবি করেন, সুপারিশের আলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বেশির ভাগ সুপারিশের পর এখনো চূড়ান্ত শুনানির কাজ শেষ হয়নি।রাজউকের চেয়ারম্যান অবশ্য স্বীকার করেছেন, নির্মাণবিধি লঙ্ঘন করার জন্য তাঁর কার্যকালে কোনো প্রকৌশলী বা স্থপতির বিরুদ্ধে মামলা বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।