প্রকৌশলী হত্যা: ৫ আসামি খালাসের আদেশ বাতিলের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস হত্যা মামলার পাঁচজন প্রধান আসামিকে খালাস দেওয়ার আদেশ বাতিলের আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিশেষ পিপি সৈয়দ সামছুল হক খালাসের আদেশ বাতিলের আবেদন করেন।কানিজ আখতার নাসরীনা খানম আগামী ৩ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।সৈয়দ সামছুল হক প্রথম আলাকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় মামলা প্রত্যাহার-সংক্রান্ত জারিকৃত আদেশের কার্যকারিতা বাতিলের সিদ্ধান্ত নেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি তাঁর কাছে পাঠানো হয়। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠির আলোক আসামিদের খালাস আদেশ বাতিল ও গ্রেপ্তারের আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল মঙ্গলবার ‘রাজনৈতিক বিবেচনা’য় ওই মামলার পাঁচজন প্রধান আসামির নাম প্রত্যাহারের আদেশ দিয়েছিলেন।এঁরা হলেন—জয়নাল আবেদীন মোল্লা, শাহীন, শরীফ, হুমায়ুন ও ইকবাল হোসেন।মামলার নথিপত্রে দেখা যায়, রাজধানীর দক্ষিণখানে ডাকাতিকালে চিনে ফেলায় আসামিদের মধ্যে শাহীন নিজ হাতে প্রকৌশলী হামিদকে গুলি করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। উত্তরা থানার এই মামলার অভিযোগপত্রভুক্ত মোট ১০ জন আসামির মধ্যে বাকি পাঁচজনের বিরুদ্ধে মামলা চলবে। তাঁরা হলেন—লিটন ওরফে সুন্দরী লিটন, আশরাফুল ইসলাম ওরফে দীপু, জাকির হোসেন, ফিরোজ মিয়া ও নিরঞ্জন চন্দ্র পাল। তাঁদের মধ্যে জাকির ও নিরঞ্জন পলাতক। নথিপত্রে দেখা যায়, এ পাঁচজনের নাম এজাহারে ছিল না, তদন্তে তাঁদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে অভিযোগপত্রে বলা হয়েছে।ঘটনা: ২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানের আনল এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন প্রকৌশলী আবদুল হামিদ বিশ্বাস। আহত হয় তাঁর স্কুলপড়ুয়া মেয়ে। দুর্বৃত্তরা বাসার আলমারি ভেঙে বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী সাঈদা হামিদ বাদী হয়ে উত্তরা থানায় হত্যা ও ডাকাতির মামলা করেন। একই বছরের ৮ আগস্ট পুলিশ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর মামলাটির বিচার শুরু হয়। ২০০৬ সালে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা ছাড়া বাকি সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলাটি প্রায় শেষ পর্যায়ে ছিল বলে আইনজীবীরা জানান। বাদী সাঈদা হামিদের ভাই আফজাল হোসেন জানান, খুনের মামলাটি তুলে নিতে আসামি জয়নাল মোল্লা ও তাঁর পরিবার নানাভাবে চাপ দিচ্ছিল। চাপের মুখে ২০০৭ সালে সাঈদা হামিদ বাড়ি বিক্রি করে দিয়ে মেয়েদের নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।সাঈদা হামিদ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘জয়নাল মোল্লা তাঁর দুই ছেলে, জামাতাসহ অন্য কয়েকজনকে নিয়ে রাত তিনটার দিকে আমাদের বাসার ভেতরে ঢোকেন। শব্দ শুনে আমরা বাতি জ্বালিয়ে দেখতে যাই, কী হচ্ছে। আমি, আমার দুই মেয়ে ও কাজের মেয়ের চোখের সামনেই জয়নাল মোল্লার ছেলে শাহীন নিজ হাতে গুলি চালিয়েছেন।’