কক্সবাজারে উন্নয়নকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
প্রকৌশলীকে মারধরের প্রতিবাদ, সাংসদ বদির বিচার দাবি
কক্সবাজারের ঠিকাদারেরা জেলার বিভিন্ন স্থানে সড়ক, সেতু, কালভার্টসহ সব ধরনের উন্নয়নকাজ গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিমকে মারধর এবং ঠিকাদারদের লাঞ্ছিত করায় কক্সবাজার ঠিকাদার কল্যাণ সমিতি এ আন্দোলনের ডাক দেয়। মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত উন্নয়নকাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঠিকাদারেরা।সমিতির নেতারা দাবি করেন, ১৬ জুন দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান সম্পূর্ণ অন্যায়ভাবে শত শত মানুষের সামনে নির্বাহী প্রকৌশলীকে বেদম মারধর করেন। এ সময় সাংসদ আবদুর রহমান ঠিকাদারদেরও গালাগাল করেন। এর প্রতিবাদে এবং সাংসদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘নির্বাহী প্রকৌশলীকে মারধর এবং ঠিকাদারদের লাঞ্ছিত করার বিষয়টি ১৭ জুন স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও জেলা প্রশাসককে অবগত করেছি। ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে ১৯ জুন পর্যন্ত সময়সীমা (আলটিমেটাম) দিয়েছিলাম। দাবি না মানায় ২০ জুন থেকে জেলার বিভিন্ন উপজেলার সড়ক বিভাগের অধীন অন্তত ৫০ কোটি টাকার ২০টিরও বেশি প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ঠিকাদারেরা।’জয়নাল আবেদীন বলেন, ‘ঠিকাদারির জীবনে আবদুল হালিমের মতো ভদ্র ও কর্মঠ কর্মকর্তা আর পাইনি। কয়েক লাখ টাকার উন্নয়নকাজও তিনি সরেজমিনে তদারক করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাগাদা দিতে থাকেন। জামায়াতের ঠিকাদারের কাজ পাওয়ার দায়দায়িত্ব নির্বাহী প্রকৌশলীর ওপর চাপিয়ে তাঁকে মারধর করা বর্বরোচিত ও অমানবিক ঘটনা।’গতকাল রোববার সকাল ১০টায় দেখা গেছে, কক্সবাজার শহরের প্রধান সড়কের (হাশেমিয়া মাদ্রাসার সামনে) রুমালিয়ারছড়া সেতুর নির্মাণকাজ বন্ধ। সেতুর দুই পাশে অর্ধশত যানবাহন আটকে আছে। কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান সরওয়ার কামাল জানান, এই সেতু নির্মাণ না হওয়ায় প্রধান সড়কে সারা দিন যানজট লেগে থাকে। নানা চেষ্টা-তদবির করে দুই কোটি ২০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয়। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে না পারলে বরাদ্দের টাকা ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে।কক্সবাজারের ঠিকাদার ওমর ফারুক জানান, ‘সাংসদ আবদুর রহমানের কারণে জেলার সব উন্নয়নকাজ বন্ধ রাখা হয়েছে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত কাজে হাত দেব না।’জানা গেছে, দ্বীপ উপজেলা কুতুবদিয়ার প্রধান সড়কের তিন কিলোমিটার পাকা সড়ক, চকরিয়ায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের ইয়ানছা-মানিকপুর সড়ক, দুই কিলোমিটার ডুলাহাজারা-শাহ সুজা সড়ক, টেকনাফের হোয়াইক্যং-শাপলাপুর সড়ক ও কক্সবাজার-চৌফলদণ্ডি সড়কের নির্মাণকাজ গতকাল সকাল থেকে বন্ধ রয়েছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাংসদ আবদুর রহমান এর আগে আইনজীবী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ঠিকাদার ও ব্যবসায়ীকে মারধর করেন। এ খবর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমতাবস্থায় কক্সবাজারের সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের ঠিকাদারেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মারধরের ঘটনার সুষ্ঠু বিচার না হলে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদারেরা তাঁদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলন করছেন বলে জেনেছি। আন্দোলনের সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই।’ নির্বাহী প্রকৌশলী বলেন, কোনো ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার ক্ষমতা তাঁর নেই। দরপত্র বিবেচনায় যিনি যোগ্য হন, তিনিই নিয়োগ পান। ঠিকাদারেরা কে কোন দল করেন, তা তাঁর দেখার বিষয় নয়। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘যেখানেই চাকরি করেছি, সততা আর সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। কারও সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করিনি। কিন্তু ঠিকাদার নিয়োগের মতো সামান্য একটি বিষয়ে ক্ষমতাসীন দলের একজন সাংসদের মারধরের শিকার হতে হলো; ভাবতে কষ্ট হচ্ছে। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছি না। কাজেও মনোযোগ দিতে পারছি না।’সাংসদ আবদুর রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ওই দিন নির্বাহী প্রকৌশলীকে মারধর করিনি। ভাঙা সড়কের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সেদিন হাজার হাজার মানুষ দুর্ভোগের কবলে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা নির্বাহী প্রকৌশলীর ওপর হামলা করে। তাঁকে প্রাণে বাঁচানোর জন্য আমি তাঁর (নির্বাহী প্রকৌশলীকে) হাত ধরে টান মারি। এখন পুরো দোষ আমার ওপর চাপানো হচ্ছে।’ ঠিকাদারদের কাজ বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সমর্থক কয়েকজন ঠিকাদার জোটবেঁধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার এই অপচেষ্টা চালাচ্ছেন। এতে জনগণের কোনো ক্ষতি হবে না।নিন্দা ও প্রতিবাদ: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকৌশলী আবদুল হালিমকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। এ ছাড়া অষ্টাদশ বিএসএস ফোরামের নির্বাহী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরামের নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আবদুল হালিমকে মারধরের তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছে।