প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনে তোফায়েল আহমেদ (২৫) নামের এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আজিজ সুপার মার্কেটের ভাড়া বাসার কক্ষ থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর সারা শরীরে কালচে ও লালচে রক্ত জমাট বাঁধা দাগ রয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল সোয়া পাঁচটার দিকে প্রকৌশলী তোফায়েল আহমেদকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক জানান, তোফায়েলকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তোফায়েলকে নিয়ে আসা ফাহিম ও মুক্তাদির হোসেন নামের দুই ব্যক্তিকে পুলিশ আটক করে।আটক ফাহিম ও মুক্তাদির হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, তোফায়েল তাঁদের সঙ্গে আজিজ সুপার মার্কেটের ষষ্ঠ তলার একই বাসায় মেস করে থাকতেন। তিনি খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। তিনি পল্টনে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি দুই মাসের ছুটি নিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। রুমমেটরা জানান, আজ সকালে তাঁরা (মোতালিব ও মুক্তাদির) কর্মস্থলে যান। সেখান থেকে বিকেলে ফিরে দেখেন তোফায়েল নিথর অবস্থায় পড়ে আছেন। তাঁরা দাবি করেন, তোফায়েল উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, তোফায়েলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় দুজনকে আটক করা হয়। তাঁদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যায় তোফায়েলের কয়েক স্বজন হাসপাতালে আসেন। তাঁরা জানান, তোফায়েলের মৃত্যু স্বাভাবিক নয়। তোফায়েলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তাঁর বাবার নাম মৃত আবদুস সালাম।