রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে গত বুধবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত হয়েছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা হলেও ভাঙচুর চালান। দোষীদের শাস্তির দাবিতে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের সব হল প্রাধ্যক্ষ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রভোস্ট কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।জানা গেছে, গত শুক্রবার শহীদ শামসুজ্জোহা হলের ছাত্রলীগের কর্মীরা কর্তৃপক্ষের সিলগালা করা পাঁচটি কক্ষ দখলের চেষ্টা করেন। প্রাধ্যক্ষ অধ্যাপক মর্ত্তুজা খালেদ এতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের কর্মীরা প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে হলে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করে। বিষয়টি জেনে বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও আবাসিক শিক্ষকদের নিয়ে হলে তল্লাশি শুরু করেন প্রাধ্যক্ষ। ওই সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির শতাধিক নেতা-কর্মী নিয়ে তল্লাশিতে বাধা দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাধ্যক্ষ হলে আওয়াল কবিরের প্রবেশের কারণ জানতে চাইলে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রাধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধাক্কা দেন। প্রাধ্যক্ষকে উদ্ধারে এগিয়ে এলে প্রক্টরের সঙ্গেও দুর্ব্যবহার করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁরা প্রাধ্যক্ষের কক্ষ, তাঁর কার্যালয় ও অতিথি কক্ষ ভাঙচুর করেন। পুলিশ গিয়ে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরকে উদ্ধার করে। ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।গতকাল দুপুরে প্রাধ্যক্ষ অধ্যাপক মর্ত্তুজার বিরুদ্ধে অনিয়ম এবং শিবিরপ্রীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ওই হলের ছাত্রলীগের কর্মীরা সাধারণ ছাত্রদের ব্যানারে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে তারা প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। তারা অভিযোগ করে, সাধারণ ছাত্ররা গণস্বাক্ষর নিতে গেলে প্রাধ্যক্ষ তাদের গণগ্রেপ্তারের চেষ্টা করে। এতে ক্ষুব্ধ ছাত্ররা হলে ভাঙচুর করে। সংবাদ সম্মেলন শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আউয়াল কবির বলেন, হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সাধারণ ছাত্ররা গণস্বাক্ষর সংগ্রহ করার সময় হল প্রশাসন তাদের গ্রেপ্তারের চেষ্টা করে। খবর পেয়ে তিনি হলে গেলে প্রাধ্যক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। তিনি প্রক্টর ও প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করা এবং ভাঙচুর চালানোর অভিযোগ অস্বীকার করেন।এদিকে প্রক্টর ও প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় কর্মবিরতি পালনের কর্মসূচি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রাধ্যক্ষ। গতকাল প্রভোস্ট কাউন্সিলের সভায় প্রাধ্যক্ষরা এ ঘটনায় দোষীদের শাস্তি দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে দাবি মানা না হলে, কঠোর কর্মসূচি দেওয়া হবে।হল প্রাধ্যক্ষ অধ্যাপক মর্ত্তুজা বলেন, শৃঙ্খলা রক্ষার্থে হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালাতে গেলে কয়েকজন ছাত্র তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম ও শিবিরপ্রীতির অভিযোগ ঠিক নয়। প্রক্টর জাকারিয়া বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের থামাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশ না পাওয়ায় পুলিশ তাত্ক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেনি।উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান বলেন, অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।