কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পদবঞ্চিত পক্ষের নেতা-কর্মীরা তাঁদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট আজ শনিবার স্থগিত করেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রক্টরকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা ধর্মঘট তিন দিনের জন্য স্থগিত করেন। ফলে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলেছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে আন্দোলনকারী নেতাদের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠক হয়। বৈঠকে প্রক্টর মাহবুবুল আরফিনকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে ছাত্রলীগের পদবঞ্চিত পক্ষের নেতা-কর্মীরা তাঁদের কর্মসূচি তিন দিনের জন্য স্থগিত করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আজ স্বাভাবিক নিয়মে চলাচল করে। এ ছাড়া বিভিন্ন বিভাগে নিয়মিত ক্লাস ও পরীক্ষা যথানিয়মে অনুষ্ঠিত হয়।এদিকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা আজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ শেষে তাঁরা উপাচার্যের কাছে একটি স্বারকলিপিও দেন। এতে ছাত্র উপদেষ্টা, বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ ও পরিবহন প্রশাসকের পদত্যাগ দাবিসহ বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।পদত্যাগের ব্যাপারে জানতে চাওয়া হলে প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, ‘প্রশাসন যেটা ভালো মনে করবে, সেটাই হবে। এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই।’ধর্মঘট স্থগিত করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহনুর আলম বলেন, ‘প্রশাসনকে তিন দিনের সময় দেওয়া হয়েছে, এর মধ্যে দাবি না মানলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।