প্রক্রিয়ার জটিলতায় আটকে থাকে দুর্নীতির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আবদুল আওয়ালের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা দায়ের হয়েছিল প্রায় ১০ বছর আগে। তখনকার দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা এ মামলার অনুসন্ধান কাজ করছিলেন। আবদুল আওয়াল তখন উচ্চ আদালত থেকে মামলায় স্থগিতাদেশ নিয়ে আসেন। বছর দুয়েক আগে মারা গেছেন তিনি। সম্প্রতি তাঁর ছেলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা আদালতে আবেদন করে মামলাটির স্থগিতাদেশ প্রত্যাহার করিয়ে নিয়েছেন। তিনি দ্রুত মামলাটি ফয়সালা করার অনুরোধ করেন। দুদক তাঁকে জানিয়েছে, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলে না। দুদকে এমন মামলা আছে কয়েক শ। এমনকি ১৯৮৫ সালে দায়ের করা একটি দুর্নীতির মামলা গত ২৪ বছরেও সুরাহা হয়নি। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তি না হলে দুর্নীতি দূর করা সম্ভব নয়। এ জন্য তিনি গত জানুয়ারি মাসে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে দেখা করে দুর্নীতির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন।গত বছরের এপ্রিল মাসে দুদকের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলীকে প্রধান করে সংস্থায় অনিষ্পন্ন বিষয়াদি নামে একটি অনুবিভাগ খোলা হয়। এই বিভাগ এ পর্যন্ত দুর্নীতি দমন ব্যুরোর আমলে স্থগিত হয়ে থাকা দুই হাজারের কিছু বেশি মামলা খুঁজে পেয়েছে। এই মামলাগুলো আদালতের আদেশে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে আছে। পাশাপাশি আরও চার হাজার অভিযোগও ফাইলবন্দী হয়ে আছে। গত এক বছরে এই অনুবিভাগ ২০০টি মামলা সচল করেছে এবং ৮০০টি অভিযোগের অনুসন্ধান আবার শুরু করেছে।দুদকের ওয়েবসাইটে দেওয়া হিসাব অনুযায়ী, ২০০৪ সালে কমিশন গঠনের পর গত ১ সেপ্টেম্বর পর্যন্ত সংস্থাটি এক হাজার ১৪৬টি এজাহার, ৬৭৮টি অনুসন্ধান, ৩৭৩ জনকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিশ দিয়েছে। দুদকের সূত্র জানিয়েছে, এখন কমিশন ৭২৫টি অভিযোগের তদন্ত করছে, অভিযোগপত্র দেওয়ার অপেক্ষায় আছে ৫৮টি মামলা। আর দুদকের ২৪৬টি মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে। বিচারিক আদালতের স্থগিতাদেশ আছে আরও ৩৭টি মামলায়।মামলায় পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব: কারও বিরুদ্ধে তদন্ত করে অভিযোগপত্র দেওয়ার পর দুদক আদালতে সরাসরি মামলায় পক্ষভুক্ত হতে পারে না। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ই এই মামলাগুলোর ব্যবস্থাপনা করে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যদি দুদক সরাসরি আদালতে যেতে পারত, মামলা চালুর আবেদন করতে পারত, তাহলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দিকে যেত। কারণ এমনিতেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজার হাজার মামলা জমে থাকে। এত মামলা তদারক করা একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। দুদক কয়েক মাস আগে মন্ত্রিপরিষদের কাছে সরাসরি মামলা পরিচালনার ক্ষমতা চেয়ে প্রস্তাব পাঠিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো দেশে দুর্নীতি রোধ করতে হলে দুর্নীতি যে একটি শাস্তিযোগ্য অপরাধ এটা প্রতিষ্ঠিত করতে হবে। আর এর জন্য মামলার দ্রুত সমাধান করা অপরিহার্য। তিনি বলেন, যে প্রক্রিয়ায় দুদক মামলা করছে, তাতে দুদকের খুব একটা ভূমিকা নেই। বিচারিক-প্রক্রিয়ার দুর্বলতার কারণে মামলা আরও দীর্ঘায়িত হয়। সরকারের উচিত দুদকের এই প্রস্তাব বিবেচনা করা।স্থগিতাদেশের সময়সীমা থাকে না: দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, অনুসন্ধান পর্যায়ে বা অভিযোগপত্র দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি উচ্চ আদালতে গিয়ে প্রস্তুতির কথা বলে মামলায় স্থগিতাদেশ নিয়ে আসেন। এই স্থগিতাদেশের কোনো মেয়াদ থাকে না। ফলে অভিযুক্ত ব্যক্তি স্থগিতাদেশ না তোলা পর্যন্ত দুদকের কিছুই করার থাকে না। ওই কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করলে দুদক তার কার্যসীমা অনুযায়ী অভিযোগের সত্যাসত্য অনুসন্ধান করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, এই অনুসন্ধানকালেই অভিযুক্ত ব্যক্তি উচ্চ আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসেন। ফলে অনুসন্ধান কাজই বন্ধ হয়ে থাকে দীর্ঘদিন। তারপর তো তদন্ত, মামলা। ওই কর্মকর্তা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্যের কাছে তৎকালীন ব্যুরো সম্পদের হিসাব চেয়েছিল ১৯৯৭ সালে। নোটিশ পেয়েই উচ্চ আদালতে গিয়ে ওই ব্যক্তি নোটিশের বিরুদ্ধে স্থ্থগিতাদেশ নিয়ে আসেন। এক যুগেও সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি। সম্প্রতি ওই ব্যক্তি চিঠি দিয়ে অভিযোগ করেছেন, দুদক তাঁকে অযথা হয়রানি করছে।এই কর্মকর্তা মনে করেন, যৌক্তিক কারণেই যে কেউ স্থগিতাদেশ নিতে পারেন। তবে আদালত একটি সময়সীমা বেঁধে দিলে ভালো হয়।