খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাটক, কবিতাসহ সাংস্কৃতিক ও প্রগতিশীল সব উদ্যোগে সামনের সারিতে থাকতেন আবির আহমেদ তালুকদার, সাইফুল ইসলাম ও জাকারিয়া জাবের। সর্বশেষ তাঁরা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও মুক্তমঞ্চের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তাঁদের আজীবনের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, গত ৫ এপ্রিল ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে, দুই বছরের জন্য সাতজনকে এবং এক বছরের জন্য ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। ৭ জুন এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদন হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বুধবার অভিযোগ করেন, শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে কোনো দাবি-দাওয়া বা প্রশাসনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার সাহস না পায়, সে কারণেই লঘুপাপে এই গুরুদণ্ড দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রবিষয়ক পরিচালক ও ফিশারিজ বিভাগের অধ্যাপক আইআজ হোসেন চিশতী প্রথম আলোকে বলেন, প্রশাসন কঠোর হতেই পারে। কিন্তু এভাবে ছাত্রদের বহিষ্কার করায় অনেক ছাত্রের জীবন হুমকির মুখে পড়বে। ঘটনা ঘটে যাওয়ার পর এভাবে ব্যবস্থা না নিয়ে প্রশাসনের উচিত ছিল আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো তাদের প্রায় সবাই ক্যাম্পাসে প্রগতিশীল আন্দোলনের পরিচিত মুখ। এই জবরদস্তিমূলক সিদ্ধান্তে ছাত্র-শিক্ষক সম্পর্কে প্রভাব পড়বে। তারিকুল বলেন, ‘এ মন্তব্য দেওয়ার জন্য হয়তো আমাকেও বহিষ্কার হতে হবে।’একই রকম মন্তব্য করেন বায়োটেকনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র আসিফ আহমেদ, স্থাপত্য বিভাগের আরেফিন হকসহ আরও অনেকে।৫ এপ্রিল দ্বিতীয় একাডেমিক ভবনে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে রাত আটটার দিকে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে উত্তেজনা ছড়ালে একপর্যায়ে ক্যাম্পাসে পুলিশ আসে। ছাত্ররা জানান, পুলিশ ক্যাম্পাসে এসেই নির্বিচারে কাঁদানে গ্যাস ছোড়ে। ছাত্ররা হলে আশ্রয় নিলে পুলিশ সেখানেও টিয়ার শেল মারে। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা হলে ভাঙচুর চালান। ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি হয়। ওই কমিটির প্রতিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ৩৪ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করে। পরে ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়।খুলনা বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আবির আহমেদ তালুকদার প্রথম আলোাকে বলেন, ‘ঘটনার দিন আমি একটি চাকরির সাক্ষাৎ শেষে রাতে ক্যাম্পাসে ফিরি। কিছুই জানতাম না। অথচ আমাকে চরম শাস্তি দেওয়া হলো।’ আবির বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় ছাত্রদের মেরুদণ্ড ভেঙে দিতে। কিন্তু সাধারণ ছাত্ররা কখনো এটা মেনে নেবে না।ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম ক্যাম্পাসে নৃ-নাট্য নামের একটি নাট্য সংগঠনের প্রধান সমন্বয়ক। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি কয়েকটি নাটক লিখে ক্যাম্পাসে মঞ্চায়ন করেছেন। এ কারণেই হয়তো তাঁকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘সে দিন আমি ছাত্রদের ভাঙচুর ঠেকানোর চেষ্টা করেছি। আমার মাও একজন শিক্ষক। কোনো শিক্ষককে আমি কখনো অসম্মান করেছি ক্যাম্পাসে কেউ বলতে পারবে না। আমি বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।’ জাকারিয়া জাবের খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাব ৩৫ এমএম-এর প্রতিষ্ঠাতা। জাবের বলেন, ‘ঘটনার দিন আমি ক্যাম্পাসে ছিলাম। কিন্তু আমি কাউকে গালি দিয়েছি বা ভাঙচুর করেছি সেটি কেউ বলতে পারবে না।’নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ক্যাম্পাসের একটি গানের সংগঠনের প্রতিষ্ঠাতা। তাঁকে ক্যাম্পাস থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অথচ তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। প্রীতম বলেন, ‘ঘটনা ঘটেছে দ্বিতীয় একাডেমিক ভবনে। অসুস্থতার কারণে আমি সেদিন সারা দিন আহসানউল্লাহ হলে ছিলাম। অথচ আমার বিরুদ্ধে ভাঙচুর ও শিক্ষকদের গালিগালাজের অভিযোগ আনা হয়েছে।’ বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুমন কুমার সরকারকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুমন নাট্য সংগঠন থিয়েটার নিপুণের সদস্য।স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী উম্মে উমামার। তিনি প্রথম আলোর খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। ঘটনা শুরুর পর সংবাদ সংগ্রহের কাজ শেষ করে রাত সাড়ে নয়টায় তিনি হলে ফিরে যান। হলের রেজিস্ট্রার খাতায় সে রেকর্ডও আছে। অথচ উমামার বিরুদ্ধেও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নিয়োগ-অনিয়ম নিয়ে সম্প্রতি ঢাকা থেকে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোয়। উমামার অভিযোগ, নানা সময় সংবাদ প্রকাশ করার কারণেই বর্তমান প্রশাসন তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল।ক্যাম্পাস থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে চতুর্থ বর্ষের ছাত্র মিঠুন তলাপাত্র, সারোয়ার হোসেন, মৃদুল ভট্টাচার্য, শিবাজী বাগ্চী ও সারোয়ার জাহানকে। মিঠুন ৩৫ এমএম-এর সদস্য। মৃদুল আবৃত্তি ও গণসংগীতের সংগঠন ব-পাঠ-এর সাবেক সভাপতি। শিবাজী নৃ-নাট্যে সংগঠনের সদস্য। তাঁরা কেউই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না দাবি করে বলেন, সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এম এম আরাফাত হোসেন জানান, তিনি টিউশনি শেষে সেদিন রাত আটটায় ক্যাম্পাসে যান। কোনো কিছুতেই ছিলেন না। অথচ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ছাত্রদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ কে ফজলুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা সবার সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। এমন কঠোর ব্যবস্থা নেওয়ার যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মোল্লা শফিকুর রহমান বলেন, ‘আমি কোনো তদন্ত কমিটিতে ছিলাম না। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’ এ বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহর কার্যালয়ে গিয়ে তাঁর সাক্ষাৎকার চাওয়া হয়। কিন্তু তিনি কোনো কথা না বলে দপ্তর ছেড়ে চলে যান।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পূর্ণেন্দু গাইন বলেন, ‘আমরা মনে করি, যা করা হয়েছে ঠিকই হয়েছে। তবে কেউ যদি মনে করে তার বিরুদ্ধে অন্যায়মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে তারা একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবে। ছাত্রদের আবেদন বিবেচনা করা হবে।’