ঘড়ির কাঁটা রাত বারোটা ছুুঁই ছুঁই। সারা দিনের ক্লান্তি শেষে সময় হয়েছে বিশ্রামের। কিন্তু লোডশেডিংয়ের এই রমরমা সময়ে রাত আর দিনের কোনো পার্থক্যই নেই শেওড়াপাড়ার বাসিন্দা হারুন অর রশিদের কাছে। ‘কারেন্ট নাই। পাখা চলে না। ছোট্ট ঘরের মধ্যে দম ফেলার জায়গাও নাই। রাতে ঘুমাই কেমনে?’ হারুন অর রশিদের এই প্রশ্ন এখন ঘুরেফিরে অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।উত্তরার বাসিন্দা শহীদুজ্জামান সুমন জানালেন, লোডশেডিংয়ের কারণে মাঝেমধ্যে এমন মনে হয় যে ঢাকা শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই। আর ওদিকে পুরান ঢাকার বংশাল পুকুরপাড়ে তো রাত হলেই নামে মানুষের ঢল। রাতের বেলা ঘুম কামাই করে কেউ কি পুকুরপাড়ে আসে—এ কথা ভাবাই স্বাভাবিক। কিন্তু এখানেও সেই একই কারণ, এই গরমে মাথার ওপর পাখা না ঘুরলে ঘরে বসে থাকাটাই এখন অনেকের কাছে সবচেয়ে কষ্টের কাজ। রাত একটায়ও বংশাল পুকুর পাড়ে গেলে দেখা যায় মানুষের জটলা। অল্প কিছু দূরত্ব বজায় রেখে চার-পাঁচজনের ছোট ছোট দল বসে গল্পগুজব করছে। এরই মধ্যে কয়েকজন অতি উৎসাহী যুবক আবার হ্যাজাক জ্বালিয়ে ক্যারাম খেলা শুরু করেছে পুকুরপাড়েই। এ তো গেল বংশাল পুকুরপাড়ের কথা। প্রায় একই দশা পুরান ঢাকার নবাবগঞ্জ পার্ক, সিক্কাটুলী পার্ক, ধূপখোলা মাঠসহ ছোট-বড় পার্কগুলোতেও। ঘরের বাতি নিভে গেলে মানুষ একটু মুক্ত হাওয়ার লোভে ছুটে আসে এই পার্কগুলোতে। আর যাদের বাড়ির আশপাশে পার্ক বা খেলার মাঠ নেই তারা নেমে আসে রাস্তায়। যেমন পূর্ব হাজীপাড়ার মসজিদের সামনের গলিতে রাত হলেই ফুটবল খেলার আসর বসে। যদিও রাতের আঁধারে ঠিকমতো বল ঠাহর করা যায় না। তার পরও ছোট ছোট বাচ্চা বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে আসে। অনেকে আবার দলবেঁধে শুরু করে লুকোচুরি খেলা। পঞ্চম শ্রেণীর ছাত্র নয়ন বলছিল, ‘গরমের মধ্যে চার্জারের আলোতে পড়তে ইচ্ছে করে না। তাই কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গেই এক দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে পড়ি। এ জন্য অবশ্য পরদিন স্কুলে পড়া না পারলে স্যারদের হাতে ঠিকই প্যাদানি খেতে হয়।’যাত্রাবাড়ীর বাসিন্দা টি এস রিজুয়ানা বলছিলেন, ‘এমনিতেই গরমে বাঁচা যায় যায় না, একটু যে ছাদে গিয়ে হেঁটে বেড়াব, সে উপায়ও নেই। কারণ ছাদের তালার চাবি তো বাড়িওয়ালার কাছে।’ আসলেই বাড়িওয়ালা আর ভাড়াটিয়া দ্বৈরথ এই নগরের পুরোনো কাসুন্দি। তবে বাসাভাড়া বাড়ানো নিয়ে যতই মুখ কালাকালি করেন না কেন, গরমের দিনে ছাদটা খুলে দিলেও কিন্তু ভাড়াটিয়ারা বেশ খুশিই হয়। যাদের আবার ছাদে ওঠার সুযোগ একেবারে নেই তাদের কাছে অন্ধের ষষ্টির মতো থাকে ফ্ল্যাটের ছোট্ট এক টুকরো বারান্দা। কাকরাইলের স্কাইভিউ গার্ডেনের বাসিন্দা শিখা ইসলাম বলছিলেন, দিনরাত ২৪ ঘণ্টা যে হারে কারেন্ট যায়, তাতে আইপিএস দিয়েও কূল পাওয়া যায় না। আর আইপিএসে হয়তো দু-একটা রুমের ফ্যান চলে। ওতে কি আর গরম মেটে! আর যাদের ঘরে আইপিএস নেই তাদের অবস্থা তো আরও ভয়াবহ। মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সোবহান খান। থাকেন আরামবাগের একটি দুই রুমের ফ্ল্যাটে। তিনি বলছিলেন, ‘প্রতি রাতেই দুই-তিনবার করে ঘুম ভেঙে যায়। আমার আবার হাই ব্লাডপ্রেশার আছে। সব সময় টেনশনে থাকি, কখন যে কী হয়ে যায়।’এবারের চৈত্র নগরবাসীকে যে ভালোই ভোগাচ্ছে তা টের পাওয়া যায় রাস্তায় নামলেই। মাথার ওপর চৈত্রের কড়া রোদ। চিরচেনা পিচঢালা পথটাও তেতে আগুন। এই তো সেদিন দেখা গেল, ৮ নম্বর বাসে চড়ার পর জানালা দিয়ে যে মৃদু বাতাস আসছিল, তাতেই এক লোক বসে বসে ঘুমাতে শুরু করলেন। এই সময় তাঁর পাশে বসে থাকা সহযাত্রীটি বেশ রসিয়ে বলছিলেন, কী আর করার, গরমের মধ্যে খাটাখাটনি করে বাসায় যেয়েও তো রাতে ঘুমানো যায় না। কারেন্ট থাকে না। তাই অফিসে বসে, বাসের সিটে বসে অনেকেই ঝিমাচ্ছেন আজকাল। এই সময় পাশে থাকা আরেক যাত্রী তাঁর কথায় সুর মিলিয়ে বললেন, ‘সকালে উঠে প্রায়ই বাসায় পানি পাই না। কোনোমতে কষ্ট করে অফিসে চলে আসি। তারপর অফিসে এসির মধ্যে বসে দু-এক ঘণ্টা করে ঘুমিয়ে নিই।’ এতে করে গরমে শান্তি যাই হোক, বসের হাতে ধরা পড়লে চাকরি খোয়ানোর সম্ভাবনাটাও কিন্তু উজ্জ্বল হয়। তবে এই গরমে খাওয়া-দাওয়ার কষ্ট নিয়ে বেশ ভোগান্তিতে আছে নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম মাহমুদ বলছিলেন, ‘দুপুর বেলা বাইরে খাওয়াটাও মোটামুটি ছোটখাটো যুদ্ধের মতো মনে হয়। খেতে বসে ঘেমেনেয়ে একাকার হতে হয়।’ তবে আর যা-ই হোক, খাবারটাও বুঝেশুনে খাওয়াই ভালো।রাস্তায় নেমে তেষ্টায় বুক ফেটে গেলে পাশের টং দোকান থেকে পানি নিয়ে ঢকাঢক খাওয়া শুরু করলেন! আহ্ বলে তৃপ্তির শ্বাস ছাড়ার কিছুক্ষণ পরেই আবার দৌড়ানো লাগতে পারে মহাখালীর দিকে। কারণ মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্রে (আইসিডিডিআরবি) এখন প্রতিদিনই গড়ে ৯০০ জনেরও বেশি মানুষ ছুটে যাচ্ছেন পেটের পীড়ার কারণে। গরমে এমনিতেই খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই যতটা পারা যায় টাটকা খাবার আর ফল খাবার কথা বললেন আইসিডিডিআরবির শর্ট স্টে ইউনিটের প্রধান ডা. আজহারুল ইসলাম।রাস্তায় বের হলেই যাদের দরদর করে ঘাম নামছে মাথা বেয়ে তারা সাবধান। কারণ সেই ঘাম চলে যায় কপাল থেকে জুলফি, জুলফি বেয়ে নাকের ডগা এবং...। গরমে অসুস্থ হয়ে বা ‘হিটস্ট্রোক’-এ আক্রান্ত হয়ে প্রতিদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চার-পাঁচজন ভর্তি হচ্ছে বলে জানালেন এখানকার দায়িত্বরত চিকিৎসকেরা। তাই যতটা সম্ভব দুপুরের সূর্যের তাপ এড়িয়ে চলতে বললেন তাঁরা। ঢাকা মেডিকেল কলেজের ১৯ নং ওয়ার্ডের কর্তব্যরত মেডিকেল অফিসার মাহবুব রাহমান জানালেন, শরীর থেকে বেরিয়ে যাওয়া পানি ধরে রাখার জন্য প্রচুর পানি পান করা উচিত। রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যারা ঠিকমতো ঘুমাতে পারছেন না তাঁরা গরমের তীব্রতা বুঝে তোয়ালে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে শরীর মুছতে পারেন।